সাইবার অপরাধ নিয়ে সজাগ হওয়ার আহ্বান
দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বাড়ছে। তাই সাইবার অপরাধ নিয়ে সজাগ হওয়ার সময় এসেছে। এ অপরাধ নিয়ন্ত্রণে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ (বিজ) আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে কথাগুলো বলেন প্রধান তথ্য কমিশনার মুহাম্মদ জমির। তিনি সাইবার অপরাধ নিয়ে প্রতিটি সংবাদপত্রকে সপ্তাহে অন্তত একটি প্রতিবেদন প্রকাশের আহ্বান জানান। বিজ কার্যালয়ে অনুষ্ঠিত ‘সিকিউরিং আওয়ার সাইবার স্পেস: চ্যালেঞ্জেস অ্যান্ড ফিউচার ডিরেকশনস’ শীর্ষক এই আলোচনায় মূল বক্তা ছিলেন সাউথ অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিম কোয়াং চু। আলোচনায় কিম বলেন, শুধু উন্নত দেশ নয়, উন্নয়নশীল দেশেও সাইবার অপরাধ ক্রমশ বাড়ছে। প্রযুক্তি উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে সাইবার আক্রমণের ধরনও উন্নত হচ্ছে। ‘ঔৎসুক্য এবং খ্যাতির মোহ থেকে সাইবার অপরাধ করার প্রবণতা শুরু হয়। এর সঙ্গে সাধারণত অল্প বয়সী ছেলেমেয়েরা বেশি জড়িত থাকে। ক্রমান্বয়ে এটা পেশায় পরিণত হয়।’ বলেন কিম। প্রতারণা, যৌন অপরাধ ও রাজনৈতিক সহিংসতা ইত্যাদি সাইবার অপরাধের মূল ধরন। কিম বলেন, বেশির ভাগ সাইবার অপরাধ সংঘটিত হয় অর্থের জন্য। কখনো প্রতিশোধ নেওয়ার প্রবণতা এবং রাজনৈতিক মতাদর্শও সাইবার অপরাধে মানুষকে ধাবিত করে। প্রযুক্তির নিরাপদ এবং বৈধ ব্যবহার সাইবার অপরাধ নিয়ন্ত্রণে মুখ্য ভূমিকা পালন করতে পারে বলে মত প্রকাশ করেন কিম।আলোচনা অনুষ্ঠানের সভাপতি বিজের মহাপরিচালক মেজর জেনারেল মুহাম্মদ ইমরুল কায়েস বলেন, ২০০৮ সালে সাইবার অপরাধের জন্য সারা বিশ্বে এক ট্রিলিয়ন ডলারের সমপরিমাণ ক্ষতি হয়। কায়েস বলেন, সাইবার অপরাধের জন্য প্রযুক্তি নয়, প্রযুক্তির পেছনে যে আছে, সেই ব্যক্তির আচরণই দায়ী।