সাইবার অপরাধ প্রতিরোধে নতুন সংস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাইবার অপরাধ দমন ও প্রতিরোধের ক্ষেত্রে সমন্বিতভাবে কাজ করতে সংশ্লিষ্ট সব সংস্থা ও দপ্তরের সমন্বয়ে একটি কেন্দ্রীয় সংস্থা গঠন করছে টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, ‘সোশ্যাল মিডিয়াসহ সাইবার অপরাধের ওপর নজরদারি জোরদার, সংঘটিত ঘটনা তদন্ত ও দোষীদের শনাক্ত করে এ সংক্রান্ত অপরাধ দমনে দেশের সংশ্লিষ্ট সব সংস্থা ও দপ্তরের সমন্বয়ে একটি কেন্দ্রীয় সংস্থা গঠনের প্রস্তাব প্রস্তুত করেছে বিটিআরসি।’ এতে বলা হয়, প্রস্তাবটি শিগগিরই প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে।
বিটিআরসির সচিব সারওয়ার আলম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিটিআরসির পাশাপাশি সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন দপ্তর এবং নিরাপত্তা ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো নিজস্ব অধিক্ষেত্র ও ক্ষমতা অনুসারে সাইবার অপরাধ প্রতিরোধে কাজ করে থাকে। নতুন পরিকল্পনা অনুযায়ী, সাইবার অপরাধ দমন ও সাইবার নিরাপত্তা বাড়াতে বিটিআরসি আইন প্রয়োগকারী প্রতিষ্ঠান, গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে আরও নিবিড় যোগাযোগ ও সমন্বয় করে কাজ করার সার্বিক উদ্যোগ গ্রহণ করেছে।
এরই ধারাবাহিকতায় সাইবার অপরাধ নিয়ন্ত্রণে পুলিশসহ আইন প্রয়োগকারী ও বিভিন্ন নিরাপত্তা সংস্থার সঙ্গে বিটিআরসির কর্মকর্তাদের সম্প্রতি একাধিক ফলপ্রসূ বৈঠক হয়েছে এবং বিটিআরসির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হয়েছে। ভবিষ্যতে সাইবার অপরাধ দমনে আরও উচ্চ পর্যায়ের বৈঠক করার পরিকল্পনা ও উদ্যোগ নিয়েছে বিটিআরসি। এ ছাড়া বিটিআরসি বিদ্যমান সামর্থ্য ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সাইবার অপরাধীদের শনাক্তকরণসহ পুলিশের তদন্তকাজে সহায়তার লক্ষ্যে কারিগরি ব্যবস্থা প্রতিষ্ঠা করার পদক্ষেপ গ্রহণ করেছে।
ফেসবুক ও টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বিটিআরসি নিয়ন্ত্রণ করে না উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সব মাধ্যমের সঙ্গে বিটিআরসি বা অন্য কোনো সংস্থার কোনো ধরনের সমঝোতা স্মারক বা চুক্তি না থাকলেও তাদের নিজস্ব নিয়মকানুন অনুসারে জনস্বার্থে প্রয়োজনমতো বিটিআরসি তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে।
এতে আরও বলা হয়, বাক, চিন্তা ও যোগাযোগের স্বাধীনতা সমুন্নত রাখার পাশাপাশি সুস্থ ও সাবলীল সামাজিক মাধ্যম গঠনে বিটিআরসি সহায়ক ভূমিকা পালন করে আসছে এবং সে লক্ষ্যে সোশ্যাল মিডিয়াসহ সাইবার অপরাধ দমনে বিদ্যমান জনবল ও কারিগরি সক্ষমতা দিয়ে বিটিআরসি সাধারণ নাগরিক ও বিভিন্ন চাহিদামতো সহযোগিতা প্রদান করে আসছে।