সাইবার অপরাধ বিষয়ে প্রশিক্ষণের তাগিদ
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইন বিষয়ে অজ্ঞতার ফলে অনেকে সাইবার অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছেন বলে মন্তব্য করেছেন সাইবার নিরাপত্তাবিষয়ক সেমিনারে অংশ নেওয়া আলোচকেরা। তাঁরা বলেন, আইন প্রয়োগকারী সংস্থার মাঠপর্যায়ের সদস্যদের সাইবার অপরাধ বিষয়ে প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে।
রাজধানীর জেলা প্রশাসক কার্যালয় মিলনায়তনে গতকাল মঙ্গলবার সাইবার নিরাপত্তা এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধিবিষয়ক এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের আয়োজন করে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং বেসরকারি সংস্থা ইনসাইট বাংলাদেশ ফাউন্ডেশন। আইসিটি বিভাগের ‘সাইবার নিরাপত্তা’ কর্মসূচির অংশ হিসেবে এ সেমিনারের আয়োজন করা হয়। আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব পার্থ প্রতিম দেব বলেন, সাইবার অপরাধের ভুক্তভোগীদের অধিকাংশই কিশোর-কিশোরী। সাইবার অপরাধীরা প্রযুক্তিগত দিক থেকে অনেক বেশি উন্নত।
তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারার অপরাধ সারা দেশে ভাইরাসের মতো ছড়িয়ে পড়ছে বলে মন্তব্য করেন সাইবার অপরাধ ট্রাইব্যুনালের বিচারক কে এম শামছুল আলম। তিনি বলেন, ‘নতুন ধরনের এ অপরাধের বিষয়ে তদন্তকারী কর্মকর্তা অনেক ক্ষেত্রে দিশেহারা হয়ে পড়েন। বুঝতে পারেন না, কী করবেন। তাঁরা প্রথাগত পদ্ধতিতে মামলা লেখেন, সাক্ষী হাজির করেন। প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের সক্ষমতা বাড়াতে হবে।’
আলোচকদের কেউ কেউ তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইন প্রয়োগের ক্ষেত্রে পুলিশ সদস্যদের দক্ষতার বিষয়ে প্রশ্ন তোলেন। এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাঈদুর রহমান মনে করেন, পুলিশ সদস্যদের সাইবার অপরাধ বিষয়ে দক্ষতা বাড়ানো প্রয়োজন। তিনি বলেন, ‘মাঠপর্যায়ের তদন্ত কর্মকর্তারা যাতে আইনের সঠিক ব্যবহার, আলামত সংগ্রহ এবং আদালতে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করতে পারে, সে জন্য তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন।’
সেমিনারে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনবিষয়ক তথ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রদর্শনীর ফাঁকে ফাঁকে ইনসাইট বাংলাদেশের পরিচালক তানভীর হাসান বলেন, মোবাইল সেট মেরামতের দোকান, সাইবার ক্যাফে, মুঠোফোন রিচার্জের দোকান এবং মুঠোফোনে টাকা লেনদেন—এমন জায়গাগুলোতে সাইবার অপরাধ বেশি হচ্ছে।
আইন অনুযায়ী কম্পিউটারে যেকোনো ধরনের তথ্য চুরি অথবা বিকৃতি ঘটালে বা কম্পিউটার হ্যাকিং, ওয়েবসাইট অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, অশ্লীল ও মানহানিকর বক্তব্য, ছবি প্রকাশ বা অনুমতি ব্যতীত কোনো সংরক্ষিত সিস্টেমে প্রবেশ করলে সর্বনিম্ন সাত থেকে সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড বা সর্বনিম্ন ১০ লাখ থেকে সর্বোচ্চ এক কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে। সাইবার অপরাধ-সংক্রান্ত যেকোনো তথ্য ০১৭৬৬৬৭৮৮৮৮ নম্বরে ফোন করে জানা যাবে।
ঢাকার জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের উপসচিব মাহবুবা পান্না, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল আবেদীন প্রমুখ বক্তব্য দেন।