সাইবার ক্রাইম ঠেকাতে 'জাতীয় সাইবার নিরাপত্তা গাইডলাইন' হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাইবার ক্রাইম বন্ধে ‘জাতীয় সাইবার নিরাপত্তা গাইডলাইন’ তৈরি করছে সরকার। সচিবসভার নির্দেশ অনুযায়ী এ গাইডলাইন তৈরি করা হচ্ছে। এ লক্ষ্যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালককে প্রধান করে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে মন্ত্রিপরিষদ বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও এটুআই প্রকল্পের একজন করে প্রতিনিধি রাখা হয়েছে। কমিটি শিগগিরই গাইডলাইনের খসড়া তৈরি করে অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাবে। গত ২৯ মার্চ অনুষ্ঠিত সচিবসভায় এই কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়। মন্ত্রিপরিষদ ও আইসিটি বিভাগ সূত্রে এ সব তথ্য জানা গেছে।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সব সচিবদের আধা-সরকারিপত্র দিয়েছেন। ওই পত্রে তিনি উল্লেখ করেছেন, ‘বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তি নির্ভর ব্যবস্থায় নিহিত সম্ভাব্য ঝুঁকি হতে আমাদের তথ্যপ্রযুক্তি ব্যবস্থা ও তথ্য ভান্ডারকে সুরক্ষা দিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ জাতীয় সাইবার নিরাপত্তা গাইডলাইন প্রণয়নের জন্য বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালককে প্রধান করে চার সদস্যের কমিটি গঠন করবে। সব দিক বিবেচনায় নিয়ে যত দ্রুত সম্ভব একটি খসড়া তৈরি করে তা বিবেচনার জন্য উপস্থাপন করবে।’