সাইবার নিরাপত্তা বড় চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর এ​কটি হোটেলে গতকাল ‘ইনফোকম টেক সামিট’–এ আর্নস্ট অ্যান্ড ইয়ংয়ের ‘ড্রাইভিং আইসিটি ইনোভেশন অ্যান্ড সিকিউরিটি’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করা হয় l ছবি: প্রথম আলো
রাজধানীর এ​কটি হোটেলে গতকাল ‘ইনফোকম টেক সামিট’–এ আর্নস্ট অ্যান্ড ইয়ংয়ের ‘ড্রাইভিং আইসিটি ইনোভেশন অ্যান্ড সিকিউরিটি’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করা হয় l ছবি: প্রথম আলো

তথ্য ও যোগাযোগপ্রযুক্তিবিষয়ক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আলোচকেরা বলেছেন, একুশ শতকে তথ্যপ্রযুক্তি খাতে সাইবার নিরাপত্তা নিশ্চিত করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তথ্যপ্রযুক্তি-সম্পর্কিত হুমকিগুলো প্রতিরোধ করা এই সময়ের গুরুত্বপূর্ণ বিষয়।
তথ্যপ্রযুক্তিবিষয়ক উদ্ভাবন ও নিরাপত্তার বিষয়গুলো এগিয়ে নিতে ভারতের আনন্দবাজার পত্রিকা গ্রুপের ব্যবসা-প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান ইনফোকম ও বাংলাদেশের সিটিও ফোরাম যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে। গতকাল শুক্রবার রাজধানীর একটি অভিজাত হোটেলে দুই দিনের এ সম্মেলন শুরু হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ সরন তথ্যপ্রযুক্তি খাতে ভারত ও বাংলাদেশের সম্ভাবনার কথা উল্লেখ করে বলেন, দুটি দেশের জনসংখ্যার একটি বড় অংশ ২৫-৩০ বছরের তরুণ। তাই এ খাতে ভালো করার সুযোগ দুই দেশেরই রয়েছে। এখন দরকার উদ্ভাবনী ও সৃজনশীল চিন্তার বিনিময় ও তার প্রয়োগ। এ ক্ষেত্রে একে-অপরের দিকে সহযোগিতার হাত বাড়াতে হবে।
শিক্ষাসচিব নজরুল ইসলাম খান বলেন, আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে জ্ঞানের আদানপ্রদান বাড়াতে এ ধরনের সম্মেলন বেশি করে আয়োজন করতে হবে। তবে সবকিছুই অর্থহীন হবে যদি তথ্যপ্রযুক্তি খাতের নিরাপত্তা বিঘ্নিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইনফোকমের চেয়ারম্যান ও আনন্দবাজার পত্রিকা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ডি ডি পুরকায়স্থ। এ ছাড়া বক্তব্য দেন সিটিও ফোরামের প্রেসিডেন্ট তপন কান্তি সরকার, ভারতের প্রতিষ্ঠান আর্নস্ট অ্যান্ড ইয়ংয়ের পার্টনার হরিশ আগরওয়াল, বাংলাদেশের এনসিসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ এস এম মাইনুদ্দীন মোনেম।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা বলেন, স্বল্পতম সময়ে বাংলাদেশ ব্যাংক ডিজিটাল বাংলাদেশের রোল মডেলে পরিণত হয়েছে। তিনি বাংলাদেশ ব্যাংকের তথ্যপ্রযুক্তিনির্ভর ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, এন্টারপ্রাইজ ডেটা ওয়্যারহাউস, এটিএম, মোবাইল ব্যাংকিং প্রভৃতি সেবার বিবরণ তুলে ধরেন।
অনুষ্ঠানের শেষ দিকে আর্নস্ট অ্যান্ড ইয়ংয়ের ‘ড্রাইভিং আইসিটি ইনোভেশন অ্যান্ড সিকিউরিটি’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করেন পঙ্কজ সরন। প্রতিবেদনে তথ্যপ্রযুক্তি খাতে বৈশ্বিক পরিবর্তন দেখানো হয়েছে।
উদ্বোধনীর পর প্রথম অধিবেশনে বক্তব্য দেন ভারতের আর্নস্ট অ্যান্ড ইয়ংয়ের আরেক পার্টনার আশিস মালহোত্রা এবং এসএসএল ওয়্যারলেসের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম। ‘বিজনেস ট্রান্সফরমেশন ইন দ্য ডিজিটাল ওয়ার্ল্ড’ শীর্ষক এ অধিবেশনে তথ্যপ্রযুক্তির ব্যবহারে ব্যবসার প্রসার ও প্রভাব নিয়ে আলোচনা হয়।
দ্বিতীয় অধিবেশনে ব্যবসাপ্রতিষ্ঠানে তথ্যপ্রযুক্তি ব্যবহারের অভিজ্ঞতা তুলে ধরেন ভারতের দেবাশীষ রায় ও মাধব পাই, ভুটানের ডি কে ছেত্রী, শ্রীলঙ্কার লাহিরু মুনিন্দ্রদাসা ও বাংলাদেশের সুপর্ণা রায়। আজ সম্মেলন শেষ হবে।