সাইবার নিরাপত্তায় নাগরিকের ভূমিকা গুরুত্বপূর্ণ
ইন্টারনেট বা সাইবার জগতে মূলত কোনো সীমানা নেই। তাই সাইবার অপরাধের ভয়াবহতাও অনেক। বিশ্বের যেকোনো জায়গা থেকে যেকোনো স্থানে আক্রমণ করা সম্ভব। বাংলাদেশ নিজেদের ডিজিটাল হিসেবে ঘোষণা দিলেও সাইবার নিরাপত্তায় অনেক পিছিয়ে। সাইবার নিরাপত্তা নিশ্চিতে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, বরং সচেতনতা তৈরির মাধ্যমে প্রত্যেক নাগরিকের নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখা অনেক গুরুত্বপূর্ণ।
আজ শনিবার রাজধানীতে সাইবার নিরাপত্তাবিষয়ক এক সেমিনারে এসব কথা বলেছেন বিশেষজ্ঞরা। ‘সাইবার নিরাপত্তা সচেতনতা মাস-২০১৬’ উপলক্ষে গুলশানের একটি ক্লাবে দিনব্যাপী এই সেমিনার হয়। ‘সাইবার নিরাপত্তা পূর্বাভাস; প্রস্তুতি; সুরক্ষা’ শীর্ষক সেমিনারের আয়োজন করে তথ্যপ্রযুক্তি নিয়ে কাজ করা বৈশ্বিক প্রতিষ্ঠান ইনফরমেশন সিস্টেমস অডিট অ্যান্ড কন্ট্রোল অ্যাসোসিয়েশনের (আই-সাকা) ঢাকা শাখা। এতে সভাপতিত্ব করেন ঢাকা শাখার প্রথম সভাপতি আলী আশফাক।
আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, গত মাসের হিসাব অনুযায়ী দেশে বর্তমানে ইন্টারনেটের গ্রাহকসংখ্যা ৬ কোটি ৩২ লাখ। দেশের তথ্যপ্রযুক্তির সেবা-সংক্রান্ত বিষয়গুলোর বেশির ভাগই বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সংযুক্ত। সাইবার নিরাপত্তা নিশ্চিত করা শুধু সরকারেরই কাজ নয়, বরং নিজ নিজ অবস্থান থেকে দেশের প্রত্যেক নাগরিকের এ ব্যাপারে ভূমিকা রাখা অনেক গুরুত্বপূর্ণ।
শাহজাহান মাহমুদ বলেন, মূলত ইন্টারনেট জগতের কোনো বর্ডার (সীমানা) নেই এবং এখানে কারও একক মালিকানাও নেই। পুরো পৃথিবী এক। সুতরাং বিশ্বব্যাপী সাইবার অপরাধের ভয়াবহতা ব্যাপক। পৃথিবীর যেকোনো স্থান থেকে আক্রমণ করা সম্ভব। তাই সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা তৈরি খুব গুরুত্বপূর্ণ।
আইসাকা ঢাকা শাখার প্রথম সভাপতি আলী আশফাক বলেন, আইসাকা একটি অলাভজনক সংগঠন। সব ধরনের মানুষের মধ্যে তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত জ্ঞান বিতরণ করা আইসাকার মূল উদ্দেশ্য। সাইবার স্পেসে কোনো দেশের জন্য নির্দিষ্ট কোনো এলাকা নেই। পুরো পৃথিবী এক। সবাই সাইবার ঝুঁকির মধ্যে। নানা কর্মসূচির মধ্য দিয়ে অক্টোবর মাসকে বিশ্বের বিভিন্ন দেশে সাইবার নিরাপত্তা সচেতনতা মাস হিসেবে পালন করে আসছে। তারই অংশ হিসেবে ঢাকায় আজকের সেমিনারের আয়োজন করা হলো। সাইবার নিরাপত্তার জন্য সবাইকে তথ্যপ্রযুক্তি ব্যবহারে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
আইসাকা ঢাকা শাখা সভাপতি তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ এ কে এম নজরুল হায়দার বলেন, ‘বিশ্বে প্রথম একটিমাত্র দেশ নিজেদের ডিজিটাল হিসেবে ঘোষণা দিয়েছে ২০০৮ সালে এবং সেটি হলো বাংলাদেশ। অন্যদিকে, ভারত সরকার ডিজিটাল ইন্ডিয়া ঘোষণা দিয়েছে ২০১৫ সালে। ২০০৮ সালে ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিয়েও মূলত সে তুলনায় আমরা সাইবার নিরাপত্তায় বেশি দূর এগোতে পারিনি।’
নজরুল হায়দার বলেন, শুধু ইন্টারনেট ব্যবহারকারী নয়। প্রত্যেক মানুষই সাইবার ঝুঁকির মধ্যে রয়েছে। যেমন একজন কৃষক মুঠোফোন ব্যবহার করেন। তাঁর মুঠোফোনে একজন সাইবার অপরাধী কোনো খুদে বার্তা পাঠানোর মাধ্যমে ফাঁদ পাতল এবং ওই কৃষক অসচেতনতার কারণে সেই ফাঁদে পা দেওয়ার মাধ্যমে তাঁর অ্যাকাউন্টের সব টাকা চলে যেতে পারে।
আলোচনায় আরও অংশ নেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) আইন বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক জুলফিকার আহমেদ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ার বিভাগের প্রধান তৌহিদ ভূইয়া, আইসাকার ঢাকা শাখা সেক্রেটারি ওমর ফারুক খন্দকার, গ্রামীণফোনের ইনফরমেশন সিকিউরিটি বিভাগের প্রধান শাহাদাত হোসাইন, ইনফরমেশন সিস্টেমস সাইবার অ্যাওয়ারনেসের বাংলাদেশ শাখার (আইএসএসএ) সভাপতি এমআর মারুফ আহমেদ ও ইস্টার্ন ব্যাংকের ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজার মো. আবুল কালাম আজাদ।
উল্লেখ্য, ২০০৪ সাল থেকে যুক্তরাষ্ট্র, ২০১১ থেকে নরওয়ে, ২০১২ থেকে ইউরোপসহ বিভিন্ন দেশ অক্টোবরকে ‘সাইবার নিরাপত্তা সচেতনতা মাস’ হিসেবে পালন করে আসছে। সাইবার-দস্যুতা থেকে নিরাপদে থাকতে মাসব্যাপী নানা কর্মসূচি নেওয়া হয় এ মাসে।
বিকেলে সেমিনার শেষে আই-সাকার বিভিন্ন পর্যায়ের কোর্স সম্পন্নকারী ৩৫ জন সদস্যের হাতে সনদ তুলে দেওয়া হয়। বিজ্ঞপ্তি।