সাইবার নিরাপত্তায় পিছিয়ে বাংলাদেশ
ইন্টারনেট বা সাইবারজগতে সীমানা না থাকায় সাইবার অপরাধের ভয়াবহতাও অনেক বেশি। বিশ্বের যেকোনো জায়গা থেকে যেকোনো স্থানে আক্রমণ করা সম্ভব। বাংলাদেশ নিজেদের ডিজিটাল হিসেবে ঘোষণা দিলেও সাইবার নিরাপত্তায় অনেক পিছিয়ে।
গতকাল শনিবার রাজধানীতে সাইবার নিরাপত্তাবিষয়ক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেছেন। ‘সাইবার নিরাপত্তা সচেতনতা মাস ২০১৬’ উপলক্ষে গুলশানের একটি ক্লাবে দিনব্যাপী এই সেমিনার হয়। ‘সাইবার নিরাপত্তা-পূর্বাভাস; প্রস্তুতি, সুরক্ষা’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে ইনফরমেশন সিস্টেমস অডিট অ্যান্ড কন্ট্রোল অ্যাসোসিয়েশনের (আইসাকা) ঢাকা শাখা।
সেমিনারে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, গত মাসের হিসাব অনুযায়ী দেশে বর্তমানে ইন্টারনেটের গ্রাহকসংখ্যা ৬ কোটি ৩২ লাখ। দেশের তথ্যপ্রযুক্তির সেবাসংক্রান্ত বিষয়গুলোর বেশির ভাগই বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সংযুক্ত। সাইবার নিরাপত্তা নিশ্চিত করা শুধু সরকারেরই কাজ নয়, বরং নিজ নিজ অবস্থান থেকে দেশের প্রত্যেক নাগরিকের এ ব্যাপারে ভূমিকা রাখা অনেক গুরুত্বপূর্ণ।
আইসাকা ঢাকা শাখার সভাপতি এ কে এম নজরুল হায়দার বলেন, ২০০৮ সালে বাংলাদেশ বিশ্বে প্রথম দেশ হিসেবে নিজেদের ডিজিটাল হিসেবে ঘোষণা দিয়েছে। অন্যদিকে ভারত সরকার ডিজিটাল ইন্ডিয়া ঘোষণা দিয়েছে ২০১৫ সালে। কিন্তু বাংলাদেশ সাইবার নিরাপত্তায় বেশি দূর এগোতে পারেনি।
নজরুল হায়দার বলেন, শুধু ইন্টারনেট ব্যবহারকারী নয়, প্রত্যেক মানুষই সাইবার ঝুঁকির মধ্যে রয়েছে। একজন কৃষক মোবাইল ফোন ব্যবহার করেন। তাঁর মোবাইল ফোনে একজন সাইবার অপরাধী কোনো খুদে বার্তা পাঠানোর মাধ্যমে ফাঁদ পাততে পারে।
সেমিনারে বলা হয়, ২০০৪ সাল থেকে আমেরিকা, ২০১১ থেকে নরওয়ে এবং ২০১২ থেকে ইউরোপসহ বিভিন্ন দেশ অক্টোবরকে ‘সাইবার নিরাপত্তা সচেতনতা মাস’ হিসেবে পালন করে আসছে। সাইবার-দস্যুতা থেকে নিরাপদ থাকতে মাসব্যাপী নানা কর্মসূচি নেওয়া হয় এই মাসে।