সাইবার নিরাপত্তায় সক্ষমতা বাড়াতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ডিজিটালাইজেশনের সঙ্গে সঙ্গে নিরাপত্তাসংক্রান্ত কিছু সমস্যার সৃষ্টি হয়েছে। সাইবার নিরাপত্তা বিষয়ে আমাদের সক্ষমতা বাড়াতে হবে। বিশেষ করে আর্থিক খাত এবং গোপনীয় বিষয়ের নিরাপত্তা যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।’
আজ বুধবার সকালে রাজধানীর বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে দেশের সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তি মেলা ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

সরকারের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট প্রণয়নের উদ্যোগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন, ‘আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট-২০১৬ প্রণয়ন করতে যাচ্ছি। এর আওতায় বাংলাদেশে বিশ্বমানের ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন, সাইবার সিকিউরিটি এজেন্সি গঠন, সাইবার ইন্সিডেন্স রেসপন্স টিম (সিইআরটি) প্রতিষ্ঠা এবং উচ্চপর্যায়ের ডিজিটাল সিকিউরিটি কাউন্সিল গঠন করা হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত সরকার বিনা খরচে সাবমেরিন কেব্লে সংযুক্ত হওয়ার সুবর্ণ সুযোগ পেয়েও নিরাপত্তার অজুহাতে তা হাতছাড়া করে। আমরা সরকার গঠন করে দেশের স্বার্থে টাকা খরচ করে সাবমেরিন কেব্লে যুক্ত হই। দেশে কোনো বিকল্প সাবমেরিন কেব্ল না থাকায় আমরা দ্বিতীয় সাবমেরিন কেব্লের সঙ্গে বাংলাদেশকে যুক্ত করার উদ্যোগ নিয়েছি। দ্বিতীয় সাবমেরিন কেব্লে বাংলাদেশ প্রায় ১ হাজার ৩০০ জিবিপিএস ব্যান্ডউইডথ অর্জন করবে।’
শেখ হাসিনা বলেন, ‘আমাদের নিজস্ব স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উড্ডয়নের কাজ দ্রুত এগিয়ে চলছে। ২০১৭ সালে এর যাত্রা শুরুর পর নিজস্ব চাহিদা পূরণের সঙ্গে সঙ্গে আমরা স্যাটেলাইট ব্যান্ডউইডথ রপ্তানি করতে পারব।’ এর সঙ্গে তিনি যুক্ত করেন, তথ্যপ্রযুক্তিতে অবদানের জন্য ‘আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড-২০১৬’ পেয়েছেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তাঁকে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের অন্যতম কারিগর আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেন, ‘ওর কাছ থেকেই আমি কম্পিউটার চালানো শিখেছি। মা হিসেবে এবং দেশের প্রধানমন্ত্রী হিসেবে এ পুরস্কারে আমি সম্মানিত বোধ করেছি। এ অর্জন শুধু সরকারের নয়, এ কৃতিত্ব দেশের জনগণের।’ এ সময় প্রধানমন্ত্রী তাঁর সরকারের মেয়াদে আরও বিভিন্ন পুরস্কারে ভূষিত হওয়ার তথ্যও তুলে ধরেন।
‘নন স্টপ বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে সরকারের আইসিটি বিভাগ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের সহযোগিতায় তিন দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক কবির বিন আনোয়ার, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সভাপতি মোস্তাফা জব্বার। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে নারীদের কম্পিউটার প্রযুক্তি প্রশিক্ষণের সুবিধার্থে ছয়টি স্মার্ট বাসেরও উদ্বোধন করেন তিনি।
এবারের মেলায় ৪০টি মন্ত্রণালয় ডিজিটাল বাংলাদেশ হিসেবে কী কী সেবা দিচ্ছে, তার আদ্যোপান্ত তুলে ধরা হবে। মেলায় শীর্ষস্থানীয় শতাধিক বেসরকারি প্রতিষ্ঠান তাদের ডিজিটাল কার্যক্রম তুলে ধরবে। তিন দিনব্যাপী আয়োজনে মাইক্রোসফট, ফেসবুক, একসেন্সার, বিশ্বব্যাংক, জেডটিই, হুয়াওয়েসহ বিখ্যাত প্রতিষ্ঠানের ৪৩ জন বিদেশি বক্তাসহ দুই শতাধিক বক্তা ১৮টি সেশনে অংশ নেবেন। এ ছাড়া নেপাল, ভুটান, সৌদি আরবসহ সাতটি দেশের সাতজন মন্ত্রী-প্রতিমন্ত্রী সভা করবেন।