সাইবার সুরক্ষায় সহযোগিতায় বাংলাদেশ–ভারতের চুক্তির মেয়াদ বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ও ভারতের মধ্যে সাইবার নিরাপত্তা সুরক্ষিত ও পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিকস (আইঅ্যান্ডই) ও সাইবার নিরাপত্তায় সহযোগিতার জন্য চুক্তি হয়েছে
ছবি: সংগৃহীত

সাইবার ঝুঁকি মোকাবিলাসহ তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশ ও ভারত পারস্পরিক সহযোগিতার মেয়াদ আরও বাড়ল।  এ নিয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় এবং একটি যৌথ কমিটিও গঠন করা হয়।

আজ মঙ্গলবার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের (আইসিটি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশের আইসিটি বিভাগ এবং ভারতের ইলেকট্রনিকস অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রণালয়ের (এমইআইটি) মধ্যে দুটি বর্ধিত সমঝোতা চুক্তি অনুষ্ঠিত হয়। চুক্তির মেয়াদ আগামী পাঁচ বছরের জন্য বাড়ানো হয়েছে। এর মেয়াদ ৮ এপ্রিল থেকে কার্যকর হবে।

আইসিটি বিভাগ জানিয়েছে, দুই দেশের সাইবার নিরাপত্তা সুরক্ষিত এবং তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিকস (আইঅ্যান্ডই) উন্নয়ন ও বিকাশে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে এ চুক্তি হয়।

ভারতে চলমান রাইসিনা ডায়ালগে অংশগ্রহণকালে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদের উপস্থিতিতে চুক্তিতে সই করেন ভারতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের হাইকমিশনার মোহাম্মাদ ইমরান। ভারতের পক্ষে চুক্তিতে সই করেন দেশটির ইলেকট্রনিকস অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি সচিব কে রাজা রমন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভারতের কেন্দ্রীয় ইলেকট্রনিকস অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রী আশওয়ানি বিষ্ণুসহ দুই দেশের কর্মকর্তারা।

চুক্তিতে তথ্যপ্রযুক্তির উন্নয়ন ও বিকাশ এবং সাইবার সুরক্ষায় প্রয়োজনীয় তথ্য ও প্রযুক্তিসেবা বিনিময়ের সঙ্গে সঙ্গে একটি সুপরিসর ফ্রেমওয়ার্ক তৈরি হবে। বিজিডি ই-গভ সার্টের চারজন এবং সার্ট ইন্ডিয়ার তিনজনের সমন্বয়ে মোট সাত সদস্যের একটি যৌথ কমিটি গঠন করার কথাও উল্লেখ আছে এই চুক্তিতে।