সাইমন ড্রিংয়ের স্মৃতি সংরক্ষণের আহ্বান
বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ব্রিটিশ সাংবাদিক সাইমন ড্রিংকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেছে সেক্টর কমান্ডারস ফোরাম। গতকাল বুধবার তাঁর স্মরণে ফোরামের আয়োজিত অনলাইন আলোচনা সভায় বক্তারা তাঁর নামে একটি বড় সড়ক বা গুরুত্বপূর্ণ স্থাপনার নামকরণসহ বিভিন্ন দাবি জানান।
সাইমন ড্রিং ২৩ জুলাই ৭৬ বছর বয়সে রোমানিয়ার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। গতকালের অনলাইন আলোচনা সভায় বক্তারা তাঁর স্মৃতি রক্ষার্থে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে তাঁর নামে একটি কর্নার প্রতিষ্ঠা করা ও বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের পাঠ্যক্রমে তাঁর জীবন ও কর্ম অন্তর্ভুক্ত করার দাবিও জানিয়েছেন।
আলোচনা সভায় সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১–এর মহাসচিব হারুন হাবীব বলেন, ‘পাকিস্তানি হানাদার বাহিনী হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে প্রত্যেক সাংবাদিককে বের করে দিয়েছিল ২৫ মার্চের গণহত্যা শুরুর আগে। কিন্তু সাইমন ড্রিং ও এপির ফটোসাংবাদিক হোটেলে লুকিয়ে ছিলেন। পরে ২৭ মার্চ কারফিউ উঠে গেলে তাঁরা দুজন ঢাকা শহরের বিভিন্ন এলাকা ঘুরে প্রতিবেদন করেন; যা বিশ্ববাসীকে নাড়িয়ে দিয়েছিল।’ তিনি বলেন, ‘আমি দাবি করি, বাংলাদেশের কোনো একটি বড় সড়ক বা স্থাপনা যেন এই মহান সাংবাদিকের নামে করা হয়।’
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী বলেন, ‘আমার বিবেচনায় সাইমন ড্রিং একজন সাহসী সংবাদযোদ্ধা। ৭০ দশকে কোনো দেশের অভ্যন্তরে মানবাধিকার লঙ্ঘিত হলে তখন রাষ্ট্র বা সরকার কোনো অবস্থান নিতে অনেক দ্বিধাগ্রস্ত থাকত। এ ক্ষেত্রে আন্তর্জাতিক তথ্যমাধ্যম একটা বিশাল ভূমিকা পালন করেছে। যার মধ্য দিয়ে সারা বিশ্বের সাধারণ মানুষ সোচ্চার হয়েছে। এর পথিকৃৎ ছিলেন সাইমন ড্রিং। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্বে জনমত সৃষ্টি করেছিলেন।’
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেন, ‘সাইমন ড্রিংয়ের কাছ থেকে আমাদের অনেক কিছু নেওয়ার ছিল। কিন্তু আমরা দুর্ভাগা, সেই সুযোগটা গ্রহণ করতে পারিনি।’ তিনি বলেন, ‘হোটেল ইন্টারকন্টিনেন্টাল আবার তার নাম ফিরে পেয়েছে। এটাও একটা ইতিহাসের ঘটনা। এর কাঠামো একই আছে। এর লবিতে সাইমন ড্রিংয়ের সেই রিপোর্ট, তার একটা ছবি এবং একটা রাইটআপ রাখা যেতে পারে।’
বীর মুক্তিযোদ্ধা আক্কু চৌধুরী বলেন, ‘তাঁর (সাইমন ড্রিং) সবচেয়ে বড় একটা দুঃখ ছিল। ১৯৭১ সালে পাকিস্তানিরা তাঁকে বাংলাদেশ থেকে বের করে দিয়েছিল। খুব অপমান করে। তারপর আবার যখন তিনি একুশে টেলিভিশন প্রতিষ্ঠা করলেন এতগুলো মেধাবী সাংবাদিক নিয়ে, যাঁদের একটা নতুন পৃথিবী খুলে দিল।
দুর্ভাগ্যজনকভাবে ওটা তাঁকে করতে দেওয়া হলো না। তাঁকে বাংলাদেশ থেকে বিএনপি সরকার আবার বের করে দিল। ২৪ ঘণ্টার মধ্যে বের করে দেওয়া হলো। এটাই ছিল তাঁর দুঃখ। সাইমনকে দুবার বের করে দেওয়া হয়েছে সত্য বলার জন্য।’
ফোরামের অন্যতম সহসভাপতি ম হামিদ জানান, বিটিভিতে কর্মরত থাকাকালীন তিনি এই ব্রিটিশ সাংবাদিকের সাক্ষাৎকার নিয়েছিলেন। সাক্ষাৎকারে সাইমন ড্রিং সবিস্তার কীভাবে হোটেল ইন্টারকন্টিনালে লুকিয়ে থাকেন এবং কীভাবে গণহত্যার প্রথম প্রতিবেদনটি প্রকাশ করেন, তাঁর বিস্তারিত বিবরণ দিয়েছেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান; বীর মুক্তিযোদ্ধা মনসুর আহমদ, আবদুস সালাম ও খন্দকার শওকত হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ফোরামের সদস্য ও সাবেক সাংসদ মাহজাবিন খালেদ।