সাইমুনকে অ্যাপোলোতে ভর্তি, এগিয়ে এসেছে এলাকাবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদমেলায় গিয়ে গুলিবিদ্ধ কিশোর সাইমুন শেখকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গত বুধবার রাতে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্যয়বহুল এ হাসপাতালে তাকে ভর্তি করানো এবং অন্যান্য খরচের জোগান দিতে এগিয়ে এসেছেন এলাকাবাসী ও আত্মীয়রা।
অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ সাইমুনের ভর্তির বিষয়টি নিশ্চিত করেছে। গত মঙ্গলবার রাত নয়টার দিকে পুরান ঢাকার লক্ষ্মীবাজারে ডিআইটি মার্কেটে আয়োজিত ঈদমেলায় সাইমুন গুলিবিদ্ধ হয়। লক্ষ্মীবাজারের স্থায়ী বাসিন্দা ও সাইমুনের কয়েকজন আত্মীয় নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ডিআইটি মার্কেটে স্বেচ্ছাসেবক লীগ প্রতিবছর ঈদের সময় কয়েক দিনব্যাপী মেলার আয়োজন করে। মঙ্গলবার মেলায় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাদের মধ্যে কোন্দলের একপর্যায়ে একজনকে লক্ষ্য করে গুলি করা হয়। কিন্তু গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে লাগে সাইমুনের মাথায়। পরে পুলিশ সাইমুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় টেলিফোনে সাইমুনের বাবা শেখ জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, ‘ছেলেকে অ্যাপোলো হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যাকেন্দ্র) রেখে চিকিৎসা করানোর সামর্থ্য আমার নেই। এলাকার মানুষ চাঁদা তুলে ৭০ হাজার টাকা দিয়েছে। সেই ভরসাতেই ছেলেকে অ্যাপোলোতে ভর্তি করিয়েছি। ছেলের অবস্থা আগের চেয়ে একটু ভালো।’ সাইমুনের বাবা আরও বলেন, ‘এ হাসপাতালে ভর্তির পর সিটিস্ক্যান করা হয়েছে। ছেলের মাথায় একটি গুলি লেগেছিল, গুলিটি এখনো আছে। অথচ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বলেছিল, দুটি গুলি লেগেছে। অস্ত্রোপচার করে নাকি একটি গুলি বেরও করেছে। সেখানে মিছামিছি টাকা ও সময় নষ্ট হলো।’ মা-বাবার একমাত্র ছেলে ১৩ বছরের সাইমুন পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়েছে। তার বাবা শেখ জাহাঙ্গীর লক্ষ্মীবাজারে ফুটপাতে কাপড়ের ব্যবসা করেন। সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, সাইমুনের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে আসামি করে মামলা হয়েছে। আসামিরা ধরা পড়েনি। তবে অভিযান চলছে।