সাইয়িদ-টুকুর দ্বন্দ্বে ভাঙা আ.লীগ
পাবনা-১ আসনের আওতাভুক্ত সাঁথিয়া ও বেড়া উপজেলা আওয়ামী লীগ এখন দুই ভাগে বিভক্ত। সাবেক তথ্য প্রতিমন্ত্রী আবু সাইয়িদ ও বর্তমান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর দ্বন্দ্বে এ অবস্থার সৃষ্টি হয়েছে। আসন্ন সংসদ নির্বাচনে এ আসনে দলীয় মনোনয়ন পেতে তৎপর দুই নেতাই।
জানা যায়, বেড়া পৌর এলাকার বৃশালিখা মহল্লার বাসিন্দা সাইয়িদ ও টুকুর দ্বন্দ্ব দীর্ঘদিনের। সাইয়িদ আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে পাবনা-১ (সাঁথিয়া ও বেড়ার একাংশ) আসনে ১৯৭০, ’৭৩ ও ’৯৬ সালে সাংসদ নির্বাচিত হন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। ২০০৮ সালের সংসদ নির্বাচনের আগ পর্যন্ত দুই উপজেলা আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম ছিল তাঁর নিয়ন্ত্রণে।
অন্যদিকে ১৯৯৬ সালে শামসুল হক সরকারি অভিযোক্তার (পিপি) দায়িত্ব পান। এরপর বিগত জোট সরকারের শেষ দিকে তিনি জেলা কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। গত নির্বাচনে সাইয়িদকে মনোনয়ন না দিয়ে দলীয় প্রার্থী করা হয় শামসুল হককে। জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে পরাজিত করে সাংসদ হয়ে টুকু প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। এ অবস্থায় তাঁর অনুসারীরা চলে আসেন সুবিধাজনক অবস্থানে। আর সাইয়িদ অনুসারীরা পড়ে যান একেবারে কোণঠাসা অবস্থায়। ২০০৯ সালের জুনে সাইয়িদের ঘনিষ্ঠজন বলে পরিচিত বেড়া উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি এস এম আমির আলী (গত বছরের ১৩ মে মৃত্যুবরণ করেন) ও সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়। ২০১০ সালের ডিসেম্বরে সাঁথিয়া উপজেলা কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ভেঙে দেওয়া কমিটির বেশির ভাগ নেতা-কর্মী ছিলেন সাইয়িদ সমর্থক। এরপর বেড়ায় গোলজার হোসেনকে ভারপ্রাপ্ত সভাপতি ও সাঁথিয়ায় আবদুলাহ আল মাহমুদকে আহ্বায়ক করা হয়। এই সময়ের মধ্যে দুই উপজেলার বেশির ভাগ ইউনিয়ন কমিটির সম্মেলন করা হলেও দুই উপজেলা ও দুই পৌরসভার সম্মেলন অনুষ্ঠিত হয়নি।
এদিকে প্রায় পাঁচ বছর ধরে সাইয়িদ অনুসারীরা আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে চাঙা হয়ে উঠেছেন। তাঁদের ধারণা পাবনা-১ আসনে এবার আবু সাইয়িদই মনোনয়ন পাবেন। সম্প্রতি আবু সাইয়িদ পিএইচডি ডিগ্রি অর্জন করায় ১ নভেম্বর বেড়া কলেজ মাঠে ‘প্রজন্ম ৭১’-এর পক্ষ থেকে তাঁকে গণসংবর্ধনা দেওয়া হয়। গণসংবর্ধনা অনুষ্ঠানটি অনেকটা নির্বাচনী মহড়ায় পরিণত হয়। এ সময় দুই পক্ষের মধ্যে দেখা দেয় উত্তেজনা। সংবর্ধনার আগের দিন সংবাদ সম্মেলনে সাইয়িদের পক্ষের নেতা-কর্মীরা অভিযোগ করেন, গণসংবর্ধনা বাধাগ্রস্ত করতে পুলিশ তাঁদের নেতা-কর্মীদের হয়রানি করছে। আর সংবর্ধনার দিন শামসুল হক টুকু তাঁর বাসভবনে সাংবাদিকদের বলেন, একটি মহল দলীয় মনোনয়ন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।
বেড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলজার হোসেন একসময় টুকুর আস্থাভাজন থাকলেও সাইয়িদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি সভাপতিত্ব করেন। তিনি বলেন, ‘যিনি নৌকা পাবেন আমরা তাঁর পক্ষে। তবে এলাকার নেতা-কর্মীরা এ আসনে আবু সাইয়িদকে দলীয় প্রার্থী হিসেবে দেখতে চায়।’ সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের ভেঙে দেওয়া কমিটির সভাপতি মোজাম্মেল হক খান ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন জানান, যেভাবে কমিটি ভেঙে দেওয়া হয়েছে তা অবৈধ। দলের গঠনতন্ত্র অনুযায়ী দলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে এখনো তাঁরা বহাল আছেন।
সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ বলেন, আওয়ামী লীগ অতীতের যেকোনো সময়ের চেয়ে এখন বেশি সক্রিয়। এখানে কোনো দ্বিধাবিভক্তি নেই।
আবু সাইয়িদ বলেন, ‘বঞ্চনার শিকার হয়ে ত্যাগী নেতারা এত দিন নিশ্চুপ ছিলেন। এখন তাঁরা জেগে উঠেছেন। এলাকার লোকজন যদি আমাকে চায় তবে সাড়া দেব। আর দল যদি মনে করে আমাকে কাজে লাগবে তবে আমি নির্বাচন করব।’ দলীয় মনোননয়ন না পেলে কী করবেন এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ ক্ষেত্রে জন-আকাঙ্ক্ষার বিষয়টি গুরুত্ব পাবে।’