সাইরেন বাজিয়ে ছুটল অ্যাম্বুলেন্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাত ১১টা ৩৮ মিনিট। কারা ফটক দিয়ে পর পর বের হয়ে এল দুটি অ্যাম্বুলেন্স।
বাইরে অপেক্ষমাণ গণমাধ্যমকর্মীরা চারদিক থেকে হুমড়ি খেয়ে পড়লেন গাড়ির ওপর। কিন্তু অনবরত সাইরেন বাজিয়ে বাঁ দিকে ঘুরে চানখাঁরপুল মোড়ের দিকে রওনা হয় গাড়ি দুটি। আগে-পিছে যোগ দিল আগে থেকে প্রস্তুত থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেকগুলো গাড়ি। এর কোনো একটিতে ছিল আলবদর কমান্ডার কামারুজ্জামানের লাশ। গাড়িবহর রওনা দেয় তার গ্রামের বাড়ি শেরপুরের দিকে।
অ্যাম্বুলেন্স বের হওয়ার পরে কারা তত্ত্বাবধায়ক ফরমান আলী সাংবাদিকদের জানান, কামারুজ্জামান যেহেতু রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাননি, তাই সরকারের নির্বাহী আদেশে শনিবার রাত সাড়ে ১০টায় তাঁর ফাঁসি কার্যকর হয়। তিনি জানান, পরিবারকে লাশ বুঝিয়ে দিতে ডেপুটি জেলার গাড়িবহরের সঙ্গে গেছেন।
কারা কর্মকর্তারা জানান, কামারুজ্জামানের স্বজনদের আগেই গ্রামের বাড়িতে যেতে বলা হয়েছে। কারা কর্তৃপক্ষের প্রতিনিধি গ্রামের বাড়িতে তাঁদের লাশ বুঝিয়ে দিয়ে আসবেন। নিরাপত্তা দিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দুটি গাড়ি ও র্যা ব-৩-এর একটি গাড়িতে সশস্ত্র সদস্যরা লাশের সঙ্গে শেরপুর পর্যন্ত যাবেন। এ ছাড়া যেসব জেলার ওপর দিকে লাশের গাড়ি যাবে সেখানে ওই জেলার পুলিশ নিরাপত্তা দেবে। কঠোর নিরাপত্তা ঘেরা পরিবেশে তাঁর দাফন সম্পন্ন করা হবে।
ফাঁসির মঞ্চের কাছে ছিলেন কারা কর্তৃপক্ষের অতিরিক্ত মহাপরিদর্শক কর্নেল ফজলুল কবীর, চারজন ডেপুটি জেলার, ১২ জন সশস্ত্র কারারক্ষী, ঢাকা মহানগর পুলিশ ও র্যা বের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢাকা জেলার জেলা প্রশাসক ও ঢাকার সিভিল সার্জনের প্রতিনিধি।
কারা সূত্র জানায়, রাজু নামের একজন বহু বছরের সাজাপ্রাপ্ত কয়েদি জল্লাদের ভূমিকা পালন করেন। সাত্তার ও পল্টু নামে আরও দুই কয়েদি তাঁকে সহায়তা করেন। এই দুজন কামারুজ্জামানকে সেল থেকে যমটুপি পরিয়ে ফাঁসির মঞ্চ পর্যন্ত নিয়ে যান। এরপর তাঁর পা বেঁধে, গলায় ফাঁসির দড়ি (ম্যানিলা রোপ) পরিয়ে মঞ্চ থেকে নেমে যান। জল্লাদ রাজু লিভার টেনে পাটাতন সরিয়ে দিলে কামারুজ্জামানের দেহটি সাড়ে চার ফুট চওড়া ও সাড়ে আট ফুট গভীর কুয়ায় (ফাঁকা গর্ত) ২০ মিনিট ঝুলন্ত অবস্থায় থাকে। এরপর জল্লাদেরা দেহ কুয়া থেকে তুলে আনেন। সেখানে উপস্থিত চিকিৎসকেরা দেহটি পরীক্ষা করেন। এরপর ময়নাতদন্ত শেষে ধর্মীয় রীতি অনুযায়ী মরদেহের গোসল সম্পন্ন হয়। শেষে কাফনের কাপড় পরিয়ে মরদেহটি বাক্সে ভরে অ্যাম্বুলেন্সে তুলে দেওয়া হয়।