সাইরেনটি বাজবে না আর!
সেহিরর সময় না খেয়ে এবার প্রথম দিন রোজা থেকেছেন পরিবেশবিদ মুরাদ আহম্মেদ। খেতে পারেননি কেন—জানতে চাইলে তিনি বলেন, ‘সাইরেনের শব্দ শুনতে পাইনি। ঘুমও ভাঙেনি।’ বরিশাল নৌ-কারখানাসংলগ্ন ব্যবসায়ী মজিবুর রহমান জানান, ‘রমজানের চাঁদ দেখা গেলে সাইরেনটি বেজে উঠত। মানুষ জেনে যেত, কাল থেকে রোজা। কিন্তু এ বছর সাইরেনটি না বাজায় আমরা প্রথমে ভেবেছিলাম রোজা বোধহয় এক দিন পর শুরু হবে।’ এলাকার প্রবীণ ব্যক্তি সেকান্দার মোল্লা বলেন, ‘রোজা শুরু হওয়ার দিন সাইরেন না বাজায় আমি হতাশ। অনেক জায়গায় যোগাযোগ করেছি। পরে জানতে পারি, ওটি বিক্রি হয়ে যাওয়ায় সাইরেন আর বাজবে না।’বরিশালে ৫০ বছরের পুরোনো ওই সাইরেনটি নিলামে বিক্রি করে দেওয়ায় এ বছর রোজায় সাইরেনের শব্দ শুনতে পাচ্ছে না নগরবাসী। গত ১৮ মে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বরিশাল নৌ-কারখানার পুরোনো লোহালক্কড়ের সঙ্গে সাইরেনটিও নিলামে তোলে। কালের সাক্ষী সাইরেনটি নিলামে তোলায় ক্ষুব্ধ নগরের সাধারণ মানুষ, বিশিষ্ট ও প্রবীণ নাগরিকেরা।জানা গেছে, ১৯৬০ সালে বরিশাল বিআইডব্লিউটিএর নৌ-কারখানার শ্রমিকদের কর্মস্থলে আসা এবং যাওয়ার কাজে ব্যবহারের জন্য সাইরেনটি কারখানার ছাদে স্থাপন করা হয়। নৌ-কারখানা বরিশাল থেকে স্থানান্তর হলেও সাইরেনটি বরিশালবাসীর জন্য ঐতিহ্যের স্মারক হিসেবে রয়ে যায়। খরা-বন্যায় জনগণকে সতর্ক করা, রোজার এক মাস এর শব্দ শুনে লোকজন সেহির ও ইফতার সারতেন। বরিশাল সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন বলেন, ‘ওই সাইরেন খুলে নিতে দেওয়া হবে না। ওটি নগরের পুরোনো ঐতিহ্যের মধ্যে অন্যতম। আমরা ছোটবেলা থেকে ওই সাইরেনের শব্দ শুনে আসছি। নিলামে বিক্রির সিদ্ধান্ত হলেও বাতিল করতে হবে। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যেকোনো মূল্যে ওটি রক্ষা করব।’বরিশাল-৫ আসনের সাংসদ ও সাবেক মেয়র মজিবর রহমান সরোয়ার বলেন, ‘আমাদের সংস্কৃতির সঙ্গে সাইরেনটি নিবিড়ভাবে জড়িয়ে আছে। ঐতিহ্যবাহী ওই সাইরেনটি কোনোভাবেই সরানো ঠিক হবে না।’ বরিশাল নাগরিক সমাজের সদস্যসচিব মিজানুর রহমান বলেন, ‘ওই সাইরেনটি সরিয়ে নেওয়া হলে মানসিকভাবে কষ্ট পাব। ছোটবেলা থেকে ওর সঙ্গে আমরা একাত্ম হয়ে ছিলাম।’ বরিশাল বিআইডব্লিউটিএর বিশ্বস্ত একটি সূত্র জানায়, কর্তৃপক্ষের সদিচ্ছা থাকলে সাইরেনটি নিলামে উঠত না। জার্মানের তৈরি দুই ফুট উচ্চতার সাইরেনটির অনেক শক্তি। এর শব্দ ১৪৫ বর্গকিলোমিটার পর্যন্ত শোনা যায়। দীর্ঘ ৫০ বছরে ছোটখাটো ত্রুটি ছাড়া এটি মেরামত করার প্রয়োজন পড়েনি।বরিশাল বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী হামিদুল হক প্রথম আলোকে বলেন, বরিশাল নৌ-কারখানা বন্ধ থাকায় অন্যান্য মালামালের সঙ্গে সাইরেনটিও নিলামে তোলা হয়েছে। নিলাম ডাক নেওয়া প্রতিষ্ঠানটি যেকোনো সময় এটি খুলে নিয়ে যাবে।