সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের নেতা আবু সাইয়িদের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, তাঁর বক্তব্য ভিত্তিহীন, দুরভিসন্ধিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত।
গত শনিবার তিনি মুঠোফোনে প্রথম আলোর এ প্রতিনিধিকে এ কথা বলেন বলেন। তিনি বলেন, আবু সাইয়িদের বক্তব্য অভিযোগটিকে অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে মূল সন্ত্রাসীদের রক্ষার একটা অপচেষ্টা।
গত শুক্রবার সাঁথিয়া উপজেলার বনগ্রাম বাজারে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে আবু সাইয়িদ বনগ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে দায়ী করে করে বক্তব্য দেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমি অসাম্প্রদায়িক রাজনীতি করি। তিনি (সাইয়িদ) যে বক্তব্য দিয়েছেন তা দেশের সাম্প্রদায়িক শক্তিকে উৎসাহিত করার শামিল। তিনি জামায়াত-বিএনপিকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে সব ঘটনা আমার কাঁধে চাপিয়ে সাম্প্রদায়িক শক্তিকে রক্ষার চেষ্টা করছেন।’
শামসুল হক বলেন, ‘আমি ঘটনাস্থলে আইজিপি ও র্যাবের মহাপরিচালককে নিয়ে গিয়েছি। তাঁদের নির্দেশ দিয়েছি, অপরাধীরা যে দলেরই হোক না কেন, তাদের গ্রেপ্তার করার।’ তিনি অভিযোগ করেন, ‘দেরিতে হলেও আমি ঘটনার দিনই সেখানে গিয়েছি। কিন্তু যিনি (সাইয়িদ) এত বড় অভিযোগ উত্থাপন করলেন তিনি ঘটনার দিন (২ নভেম্বর) বেড়ায় থাকা সত্ত্বেও ঘটনাস্থলে গেলেন না কেন? এত দিন পর সেখানে গেলেন কেন?’ তিনি এ-ও বলেন, আবু সাইয়িদ বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত।