সাঈদ ও আনিসুল হককে ঢাকা নাগরিক সমাজের সমর্থন
মুক্তিযুদ্ধের চেতনায় আধুনিক ঢাকা গড়ার প্রত্যয়ে ঢাকা নাগরিক সমাজ গঠিত হয়েছে। গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ঢাকা নাগরিক সমাজের আত্মপ্রকাশ ঘটে।
সংবাদ সম্মেলন থেকে আওয়ামী লীগ-সমর্থিত দুই মেয়র প্রার্থী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সাঈদ খোকন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে আনিসুল হককে নাগরিক সমাজ সমর্থন দিয়েছে।
নাগরিক সমাজের আহ্বায়ক সৈয়দ শামসুল হক এবং সদস্যসচিব গোলাম কুদ্দুছ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। ২৫১ সদস্যবিশিষ্ট নাগরিক সমাজের ঘোষণা দেওয়া হলেও সংবাদ সম্মেলনে ১৪৬ জনের তালিকা দেওয়া হয়। অন্যদের নামের তালিকা পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়।
নাগরিক সমাজের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার মানিক মিয়া অ্যাভিনিউয়ে আনিসুল হকের সমর্থনে প্রচারকাজ শুরু হবে। একইভাবে ঢাকা দক্ষিণের মেয়র পদপ্রার্থী সাঈদ খোকনের পক্ষেও তাঁরা প্রচারকাজ চালাবেন।
সংবাদ সম্মেলনে সৈয়দ শামসুল হক ঢাকাকে সুন্দরতম শহরে পরিণত করার জন্য সাঈদ খোকন ও আনিসুল হকের পক্ষে ঢাকাবাসীর সমর্থন চান। সৈয়দ হাসান ইমাম বলেন, ‘যারা মানুষকে পুড়িয়ে মারে তাদের হাতে আমরা ঢাকা শহর ছেড়ে দিতে পারি না।’ রামেন্দু মজুমদার গত তিন মাসে নিরীহ মানুষ হত্যার জন্য খালেদা জিয়ার বিচার দাবি করেন। গোলাম কুদ্দুছ নির্বাচন কমিশনের প্রতি দাবি জানিয়ে বলেন, সব প্রার্থীর জন্য সমান সুযোগ দিতে হবে। ধর্মকে নির্বাচনের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে দেওয়া যাবে না।
নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু সাঈদ খোকন ও আনিসুল হকের প্রতি সমর্থন ব্যক্ত করে বলেন, ঢাকাকে যানজটমুক্ত করতে হবে।