নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ক্ষমতাসীন আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন ও জাতীয় পার্টি-সমর্থিত মোহাম্মদ সাইফুদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গতকাল শনিবার এ নোটিশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম।
দুই প্রার্থীকে আজকের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে কিংবা প্রতিনিধির মাধ্যমে নোটিশের উপযুক্ত জবাব দিতে বলা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার অফিসের দাপ্তরিক কর্মকর্তা নওয়াবুল ইসলাম জানান, গত শুক্রবার স্বতন্ত্র সাংসদ হাজি মো. সেলিমকে নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় সাঈদ খোকনকে কারণ দর্শাতে বলেছেন রিটার্নিং কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদ।
শুক্রবার সাঈদ খোকন সাংসদ হাজি মো. সেলিমকে নিয়ে চকবাজারের শাহী মসজিদে জুমার নামাজ পড়েন। নামাজের আগে হাজি সেলিম উপস্থিত মুসল্লিদের উদ্দেশে মেয়র পদপ্রার্থী সাঈদ খোকনের জন্য দোয়া কামনা করেন। এরপর তাঁরা একসঙ্গে মসজিদ থেকে বের হন। এ সময় আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতা সেখানে উপস্থিত ছিলেন। এরপর তাঁরা নবাবপুরের আরজু হোটেলে একসঙ্গে দুপুরের খাবার খান।
নির্বাহী হাকিম মশিউর রহমান জানান, ঢাকার দুই সিটিতেই মেয়র পদপ্রার্থী মোহাম্মদ সাইফুদ্দিনের রঙিন পোস্টার পাওয়া গেছে। সে জন্য তাঁকে কারণ দর্শাতে বলা হয়েছে।
জানতে চাইলে সাঈদ খোকন প্রথম আলোকে বলেন, শুক্রবার পুরান ঢাকায় হাজি সেলিম সাহেবের আমন্ত্রণে জুমার নামাজ আদায়ের পর মুসল্লিদের সঙ্গে হাত মেলানোয় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আজ নোটিশের জবাব দেওয়া হবে।
মোহাম্মদ সাইফুদ্দিন বলেন, ‘তফসিল ঘোষণার আগে ঢাকার দুই সিটিতে সমর্থকেরা কিছু পোস্টার লাগিয়েছিল। সেগুলো এখনো আছে। কিন্তু পোস্টারগুলো কোথায় আছে, তা আমরা জানি না। সে জন্যই অপসারণ করা হয়নি।’ সাইফুদ্দিন জানান, তিনি আইনজীবীর মাধ্যমে আজ নোটিশের জবাব দেবেন।