সাঈদ খোকনের প্রচারে বিএনপির অবরোধের 'নৃশংসতা'র খতিয়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল-অবরোধে ‘বিএনপি-জামায়াতের নৃশংসতা’কে জনগণের সামনে তুলে ধরে নিজের পক্ষে ভোট চাইছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী সাঈদ খোকন। দিনভর প্রচার-প্রচারণায় যতটা না উন্নয়নের প্রতিশ্রুতি ছিল, তার চেয়ে বেশি ছিল বিএনপি-সমর্থিত প্রার্থীকে ভোট না দেওয়ার আবেদন।
গতকাল বৃহস্পতিবার সকালে সাঈদ খোকন যাত্রাবাড়ী, শ্যামপুর ও কদমতলী থানার অধীন বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। পথসভায়ও বক্তব্য দেন। যাত্রাবাড়ীর অধীন মীর হাজিরবাগে এক পথসভায় সাঈদ খোকন বিএনপির তিন মাসের হরতাল-অবরোধের সময় আগুনে পুড়িয়ে মানুষ হত্যা, অগ্নিসংযোগ, ভাঙচুরের ঘটনা তুলে ধরেন। তিনি বলেন, ‘বিএনপির এমন নৃশংসতা ও বীভৎসতা থেকে নিজেদের রক্ষা করতে হলে, বাঁচতে হলে আমাকে (ইলিশ প্রতীকে) ভোট দিন। বিএনপি-সমর্থিত প্রার্থী বিজয়ী হলে দেশকে গত কয়েক মাসের মতো বীভৎসতার দিকে ঠেলে দেবে। আমরা আর শান্তিতে থাকতে পারব না।’ তিনি তিন মাসের হরতাল-অবরোধে শতাধিক মানুষের মৃত্যু, গাড়িতে আগুন ও ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন।
পথসভা শেষ করে সাঈদ খোকন হেঁটে আশপাশের বিভিন্ন বাজারের ক্রেতা-বিক্রেতা, পথচারী, দোকানদারদের সঙ্গে কথা বলেন। সেখানে তিনি শান্তির পক্ষে অবস্থান নেওয়ার জন্য ভোটারদের আহ্বান জানান। গতকালের জনসংযোগে সাঈদ খোকন বিজয়ী হলে এলাকার জলাবদ্ধতা নিরসনে অঙ্গীকার করেন। তিনি বলেন, জলাবদ্ধতা এখানকার প্রধান সমস্যা। এটা দূর করা হবে।
সড়কের পাশে গড়ে ওঠা একটি বাজারে প্রচার চালাতে দেখে কয়েকজন ভোটার সাঈদ খোকনকে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার অঙ্গীকার করার আহ্বান জানান। জবাবে তিনি তাঁদের কাছে সেই অঙ্গীকার করেন।
শ্যামপুরের ভোটার মোমেন হোসেন বললেন, নিজেদের জন্য কিছু চাওয়ার নেই। প্রার্থীরা এলাকার সমস্যাগুলো সমাধান করলেই ভোটাররা খুশি। তিনি বলেন, ‘সমস্যা হলো ভোটের পর জিতলে তাঁরা নগর ভবনে বসেন, তখন আর রাস্তায় নামেন না। জনগণের সমস্যার কথাও তাঁদের মনে থাকে না।’
অবশ্য সাঈদ খোকন ভোটারদের কাছে তাঁর বাবা ঢাকা সিটি করপোরেশনের প্রথম মেয়র মো. হানিফের কথা বারবার তুলে ধরেছেন। বলেছেন, তাঁর বাবা যেমন ঢাকার মানুষের পাশে ছিলেন তিনিও পাশে থাকবেন।
প্রচারণার সময় সাঈদ খোকনের সঙ্গে সংশ্লিষ্ট এলাকার আওয়ামী লীগের নেতারাও উপস্থিত ছিলেন। ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থীরাও।