সাঈদ খোকনকে রেহাই সাইফুদ্দিনকে ২৪ ঘণ্টা সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগসমর্থিত মেয়র পদে প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকনকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ থেকে রেহাই দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। আর জাতীয় পার্টিসমর্থিত প্রার্থী মোহাম্মদ সাইফুদ্দিনকে অবৈধ পোস্টার অপসারণের জন্য ২৪ ঘণ্টা সময় দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম।
শুক্রবার চকবাজারের শাহী মসজিদে স্বতন্ত্র সাংসদ হাজি মো. সেলিমকে নিয়ে জুম্মার নামাজ পড়া এবং প্রার্থী সাঈদ খোকনের জন্য ভোট চেয়ে দোয়া প্রার্থনার কারণে রিটার্নিং কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদ তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেন। এ বিষয়ে শনিবার বিভিন্ন জাতীয় দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। দুই সিটিতে অবৈধ রঙিন পোস্টার লাগানোয় সাইফুদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দেন নির্বাহী হাকিম মশিউর রহমান।
গতকাল রোববার দুই মেয়র প্রার্থী নিজস্ব আইনজীবী নিয়ে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে রিটার্নিং কর্মকর্তার দপ্তরে সশরীরে উপস্থিত হয়ে নোটিশের জবাব দেন। শুনানি শেষে মিহির সারোয়ার জানান, সাঈদ খোকনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। আচরণবিধি অনুযায়ী মসজিদ-মন্দিরসহ সব ধরনের ধর্মীয় উপসনালয়ে প্রচার চালানো যাবে না। তবে সাঈদ খোকন ওই দিন মুসল্লিদের কাছে দোয়া চেয়েছেন, তিনি ভোট চাননি।
শুনানিতে সাইফুদ্দিন জানান, তাঁর দলের মহাসমাবেশ উপলক্ষে অনেক সমর্থক তাঁর নামে রাজধানীর বিভিন্ন জায়গায় পোস্টার সাঁটানো হয়। তাঁদের ধারণা ছিল নির্বাচন হবে জুন ও জুলাইতে। এসব পোস্টার অপসারণে সময়ের প্রয়োজন। একটি পোস্টার সাঁটাতে ১০ সেকেন্ড লাগলেও তুলতে ১০ মিনিটি লাগে।