সাঈদ খোকনের পথসভা, যান চলাচল বিঘ্নিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাঈদ খোকন
সাঈদ খোকন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী সাঈদ খোকন গতকাল রোববার সকালে পুরান ঢাকার রায়সাহেব বাজার ও লক্ষ্মীবাজারে পথসভা ও জনসংযোগ করেছেন। এ সময় সমবেতদের ভিড়ের কারণে ওই এলাকার সড়কে যানবাহন চলাচল বিঘ্নিত হয়েছে।
সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১০-এর ৬ অনুচ্ছেদের (ক) দফায় বলা হয়েছে, ‘পথসভা ও ঘরোয়া সভা ব্যতীত কোনো জনসভা বা শোভাযাত্রা করা যাইবে না।’ (খ) দফার (ক)তে ‘যাহা কিছুই থাকুক না কেন, জনগণের চলাচলের বিঘ্ন সৃষ্টি করিতে পারে এইরূপ কোনো সড়কে প্রার্থী বা প্রার্থীর পক্ষে কোনো ব্যক্তি পথসভা করিতে পারিবেন না বা তদুদ্দেশ্যে কোনো মঞ্চ তৈরি করিতে পারিবেন না।’
গতকাল সকাল সাড়ে ১০টার দিকে লক্ষ্মীবাজারে এবং বেলা সাড়ে ১১টার দিকে রায়সাহেব বাজার মোড়ে সাঈদ খোকনের পথসভা হয়। পথসভায় যোগ দিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, কবি নজরুল কলেজ ছাত্রলীগ, সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের মিছিল, ৪২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ইয়ার মোহাম্মদের নেতৃত্বে একটি মিছিল, হাজি মো. সেলিম সমর্থিত নেতা-কর্মীদের মিছিল, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সরোয়ার হোসেনের নেতৃত্বে মিছিল, ৪২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক বাবু ভূইয়ার নেতৃত্বে মিছিল এবং কোতোয়ালি থানা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সেখানে জড়ো হন। এত জনসমাগমের কারণে সেখানকার সড়কে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় তীব্র যানজটের।
রায়সাহেব বাজারে যানজটে একটি অ্যাম্বুলেন্স দীর্ঘক্ষণ সাইরেন বাজিয়েও সামনের দিকে এগোতে পারেনি। সাঈদ খোকন রায়সাহেব বাজার মোড়ের পথসভায় বক্তব্য দিয়ে বাংলাবাজারের দিকে যান। নেতা-কর্মীরাও তাঁর সঙ্গে যান।
রায়সাহেব বাজারের পথসভায় সাঈদ খোকন বলেন, ‘শুনেছি বিএনপির নেত্রী (খালেদা জিয়া) তাঁদের প্রার্থীর পক্ষে প্রচারণায় নেমেছেন। আমি এ নিয়ে মোটেও চিন্তিত নই। ঢাকাবাসী আমার সঙ্গে রয়েছে।’ খালেদা জিয়াকে উদ্দেশ করে তিনি বলেন, ‘কিছুদিন আগেও তিনি নিরীহ মানুষ হত্যার নির্দেশ দিয়েছেন। তাঁর নির্দেশেই পথচারীসহ নিরীহ মানুষ হত্যা করা হয়েছে। ঢাকাবাসী শান্তিপ্রিয়, তাঁরা কোনো হত্যার নির্দেশদাতাকে গ্রহণ করবেন না।’