সাঈদী ও রাষ্ট্রপক্ষের রিভিউ শুনানি ১৪ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় সর্বোচ্চ আদালতের দেওয়া দণ্ডাদেশ পুনর্বিবেচনা চেয়ে জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী ও রাষ্ট্রপক্ষের করা পৃথক আবেদনের (রিভিউ) ওপর শুনানির জন্য ১৪ মে দিন ধার্য করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ গতকাল বৃহস্পতিবার আসামিপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে এ দিন ধার্য করেন।

পরে সাঈদীর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন প্রথম আলোকে বলেন, ‘সব ধরনের প্রস্তুতির জন্য আমরা সময় চেয়েছিলাম। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে ১৪ মে শুনানির দিন ধার্য করেছেন।’

একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে সাঈদী আপিল করেন। ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সাঈদীর ফাঁসির সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন। গত বছরের ১২ জানুয়ারি সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আবেদনে সাঈদীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির রায় পুনর্বহাল চাওয়া হয়েছে। একই বছরের ১৭ জানুয়ারি আমৃত্যু কারাদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন সাঈদী। এই আবেদনে তাঁকে খালাস দেওয়ার আরজি জানানো হয়েছে।