সাঈদী রাজাকার ছিলেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সোমবার জবানবন্দি দিয়েছেন আসামিপক্ষের তৃতীয় সাক্ষী মো. নুরুল হক হাওলাদার। তিনি দাবি করেন, সাঈদী রাজাকার বা স্বাধীনতাবিরোধী ছিলেন না, মানবতাবিরোধী কোনো কাজও করেননি।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ নুরুল হকের জবানবন্দি নেন আসামিপক্ষের আইনজীবী মনজুর আহমেদ আনসারী। শারীরিক কারণে সাঈদী ট্রাইব্যুনালে হাজির ছিলেন না।জবানবন্দিতে নুরুল হক (৬০) বলেন, একাত্তরে মুক্তিযুদ্ধের প্রথম দিকে পারেরহাটের ফকিরদাসের ভবনে শান্তি কমিটির কার্যালয় স্থাপিত হয়। এটি ছিল তাঁর বাড়ির ১০০-১৫০ গজ দূরে। ওই কার্যালয়ে তিনি সব সময় সেকেন্দার শিকদার, দানেশ মোল্লা, মোসলেম মওলানা, হাজি আবদুল গনি, শফিক উদ্দিন মৌলভী, আসমত আলী মুন্সিদের দেখতেন; সেখানে কখনো সাঈদীকে দেখেননি। জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি বা শেষ দিকে পারেরহাট রাজলক্ষ্মী হাইস্কুলের দোতলায় রাজাকার ক্যাম্প স্থাপিত হয়। সেখানে তিনি রাজাকার আবদুল হালিম, রাজ্জাক, মোমিনা, মহসিন, রুহুল আমিন, ফজলুর রহমান, হাবিবুর রহমান মৃধা, আবদুর রশিদ, মশিউর রহমান, সুলতান, ইছহাক, সোলায়মানদের দেখেছেন। সেখানেও কখনো সাঈদীকে দেখেননি।আসামিপক্ষের এই সাক্ষী বলেন, বৈশাখ মাসের শেষ দিকে পাকিস্তানি সেনারা পারেরহাট বাজারের পাঁচ-ছয়টি দোকান লুট করে পিরোজপুর চলে যায়। সেকেন্দার শিকদার, দানেশ মোল্লারা সেনাদের সঙ্গে ছিলেন, সাঈদীকে দেখেননি। তিনি বলেন, একাত্তরে পারেরহাট ইউনিয়নে কোনো নারী ধর্ষণের শিকার হয়নি। হিন্দুরা প্রাণ বাঁচাতে ইচ্ছাকৃতভাবে ইয়াছিন মাওলানার খানকায় গিয়ে মুসলমান হয়েছে। এ সময় ট্রাইব্যুনাল জানতে চান, হিন্দুরা ইচ্ছাকৃতভাবে মুসলমান হয়েছেন, এটা সাক্ষী কীভাবে জানেন? সাক্ষী বলেন, তিনি উপস্থিত ছিলেন না, শুনেছেন।পরে নুরুল হক বলেন, সাঈদী তিনবার সাংসদ নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিপক্ষ নির্বাচনী প্রচারণায় কখনো এসব অভিযোগ আনেননি। যদি তিনি এই অপরাধে অভিযুক্ত হতেন, তাহলে প্রতিপক্ষ নির্বাচনী প্রচারণার তা তুলে ধরত।জবানবন্দি শেষে নুরুল হককে জেরা শুরু করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী। আজ মঙ্গলবার তাঁকে আবার জেরা করা হবে।