মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠাতে সরকারের কাছে দাবি জানিয়েছে তাঁর পরিবার। গতকাল বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তাঁর ছেলে মাসুদ বিন সাঈদী এই দাবি জানান।এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সাঈদীর বিরুদ্ধে মামলার কার্যক্রম মুলতবি রাখার আবেদন খারিজ করেন।সংবাদ সম্মেলনে মাসুদ বিন সাঈদী বলেন, ‘আমরা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করে প্যারোলে তাঁর মুক্তি চেয়ে আবেদন করেছি। কিন্তু এখন পর্যন্ত কিছু জানানো হয়নি।’ সংবাদ সম্মেলনে সাঈদীর আরেক ছেলে শামীম বিন সাঈদী, তাঁদের চাচা হুমায়ুন কবির সাঈদীসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। ১৪ জুন রাতে সাঈদী অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর নির্দেশে গতকাল বিকেলে তাঁকে মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে স্থানান্তর করা হয়।মামলা মুলতবির আবেদন খারিজ: এদিকে সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা মুলতবির আবেদন গতকাল খারিজ করেন বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১। সাঈদীর আইনজীবী তাজুল ইসলাম এই মামলার কার্যক্রম মুলতবি রাখার আরজি জানান। তিনি বলেন, এনজিওগ্রাম করার পর সাঈদীর হূৎপিণ্ডে চারটি ব্লক ধরা পড়েছে। এর মধ্যে দুটি প্রায় ৯০ শতাংশ। চিকিৎসকেরা আরও দুটি পরীক্ষা করাতে বলেছেন, এগুলো একমাত্র ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ছাড়া করানো সম্ভব নয়। কিন্তু ট্রাইব্যুনালের আদেশ ছাড়া কারা কর্তৃপক্ষ তাঁকে হার্ট ফাউন্ডেশনে স্থানান্তর করছে না।ট্রাইব্যুনাল কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন, সাঈদীকে তাৎক্ষণিকভাবে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে স্থানান্তর করতে। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী কারা কর্তৃপক্ষকে টেলিফোনে ট্রাইব্যুনালের আদেশ জানান।পরে ট্রাইব্যুনাল আদেশে বলেন, ট্রাইব্যুনালের কার্যপ্রণালি বিধিমালার বিধি ৪৩(এ) উল্লেখ করে বলা হয়, আসামির দীর্ঘ সময় অসুস্থ থাকার ক্ষেত্রে কার্যক্রম মুলতবির কোনো বিধান নেই। এ জন্য মুলতবির আবেদন খারিজ করা হলো।