অসুস্থ থাকায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। তবে তিনি অসুস্থ থাকলে অ্যাম্বুলেন্সসহ প্রয়োজনীয় সুবিধা দিয়ে আগামী ২ নভেম্বর তাঁকে ট্রাইব্যুনালে হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। ওই দিন সাঈদীর উপস্থিতিতে তাঁকে আটক রাখার বিষয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর শুনানি হবে।গতকাল শুনানির শুরুতে একটি সম্পূরক আবেদন দাখিল করেন সাঈদীর আইনজীবী তাজুল ইসলাম। ট্রাইব্যুনাল বলেন, সন্দেহভাজন সাঈদী অসুস্থ এবং চলাচলে অসমর্থ হওয়ায় তাঁকে হাজির করা যায়নি বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে। তাঁর উপস্থিতিতে শুনানি হবে। রাষ্ট্রপক্ষের আইনজীবী (প্রসিকিউটর) সৈয়দ হায়দার আলী বলেন, শুনানির প্রস্তুতি রয়েছে।এ সময় তাজুল ইসলাম বলেন, দেলাওয়ার হোসাইন সাঈদীর নামের সঙ্গে ‘দেলু’ শব্দটি যোগ করা হয়েছে। এটি আপত্তিকর। সম্পূরক আবেদনে এ বিষয়ে বলা হয়েছে। ট্রাইব্যুনাল বলেন, সবারই ডাক নাম থাকে। দেলু তাঁর ডাক নাম হতে পারে। এরপর ট্রাইব্যুনাল আদেশ দেন।১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাঈদীকে আটক বা গ্রেপ্তারের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা গত ২ আগস্ট ট্রাইব্যুনালে আবেদন করেন।