সাঈদীর আইনজীবী ফখরুলের বিরুদ্ধে আরও দুই মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ ও ঠাকুরগাঁওয়ে জামায়াতের নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আইনজীবী ফখরুল ইসলামের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। এসব মামলায় তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে। ময়মনসিংহে গত বুধবার ও ঠাকুরগাঁওয়ে গতকাল বৃহস্পতিবার পৃথক আদালতে মামলা দুটি করা হয়।ময়মনসিংহে ঘাতক দালাল নির্মূল কমিটি ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক আবদুর রব বুধবার ময়মনসিংহের মুখ্য বিচারিক হাকিমের (আমলি অঞ্চল-১) আদালতে মামলাটি করেন। আদালতের বিচারক মো. হাবিবুল্লাহ মামলাটি আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে, বিবাদী ফখরুল ইসলাম গত ২২ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে শুনানির একপর্যায়ে বলেন, ‘১৯৭১ সালে যুদ্ধ হয়েছে পাকিস্তানের সঙ্গে ভারতের। মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণায় পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের কথা বলা হয়নি।’ আসামি এই বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, সংবিধান, সরকার ও প্রচলিত আইনকে অস্বীকার করে রাষ্ট্রদ্রোহমূলক অপরাধ করেছেন। ঠাকুরগাঁও নাগরিক কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফরিদ গতকাল মুখ্য বিচারিক হাকিমের আদালতে এই মামলা করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে আগামী ১০ নভেম্বর ফখরুল ইসলামকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। মামলার বাদী শেখ ফরিদ বলেন, মুক্তিযুদ্ধকে হেয় করার জন্য ফখরুল ইসলাম এমন মন্তব্য করেছেন। তাঁর এ বক্তব্য রাষ্ট্রদ্রোহের শামিল।