সাঈদীর আইনজীবীরা অনুপস্থিত, অনিচ্ছা সত্ত্বেও কার্যক্রম মুলতবি
আসামিপক্ষের মূল আইনজীবীরা উপস্থিত না থাকায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার কার্যক্রম গতকাল সোমবার অনিচ্ছা সত্ত্বেও মুলতবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।গতকাল ছিল এই মামলার তদন্তকারী কর্মকর্তা মো. হেলালউদ্দিনের জবানবন্দির ধার্য দিন। গত বৃহস্পতিবার পর্যন্ত তিনি টানা আট দিন জবানবন্দি দেন।বিএনপির ডাকা হরতালের কারণে গতকাল নির্ধারিত সময়ের প্রায় পৌনে এক ঘণ্টা পর বেলা সোয়া ১১টার দিকে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। ট্রাইব্যুনালের অপর সদস্য অনুপস্থিত ছিলেন। এর আগে সাঈদীকে নারায়ণগঞ্জ কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের পাঁচজন কৌঁসুলি ও আসামিপক্ষের দুজন কনিষ্ঠ আইনজীবী উপস্থিত ছিলেন। তদন্ত কর্মকর্তা জবানবন্দি শুরু করার আগে আসামির কাঠগড়ায় বসা সাঈদী দাঁড়িয়ে ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে কার্যক্রম মুলতবির আরজি জানান। তিনি বলেন, ‘আমি আইন বুঝি না। এখানে আমার কোনো আইনজীবী উপস্থিত নেই। এখন কে আমার পক্ষে কথা বলবেন?’এ সময় ট্রাইব্যুনাল বলেন, ‘আজ (সোমবার) ট্রাইব্যুনাল আপনার আইনজীবীর কাজ করবেন। আপনার আইনজীবী নেই এটা আমাদের মাথায় থাকবে। তবে আপনার আইনজীবীদের থাকা উচিত ছিল।’সাঈদী বলেন, হরতালের জন্য তাঁরা আসতে পারেননি। এ সময় আসামিপক্ষের কনিষ্ঠ এক আইনজীবী আবু বকর সিদ্দিক বলেন, আইনজীবী মিজানুল ইসলাম কারও সাহায্য ছাড়া চলাচল করতে পারেন না। হরতালের জন্য মানুষ ভয়ে রাস্তায় গাড়ি বের করছে না। এ অবস্থায় তাঁকে রিকশা বা সিএনজিচালিত অটোরিকশায় করে আনতে হবে। এ জন্য তিনি বেলা দুইটা পর্যন্ত কার্যক্রম মুলতবির আরজি জানালে ট্রাইব্যুনাল বেলা দেড়টা পর্যন্ত মুলতবি করেন।বেলা দেড়টার দিকে কার্যক্রম আবার শুরু হলে আসামিপক্ষের আরেক কনিষ্ঠ আইনজীবী মো. হাসানুল বান্না জানান, আইনজীবী মিজানুলকে ট্রাইব্যুনালে আনার জন্য কোনো যানবাহন পাওয়া যায়নি। আসামিপক্ষের গুরুত্বপূর্ণ আরও দুজন আইনজীবী ঢাকার বাইরে আছেন। হরতালের জন্য তাঁরা ঢাকায় ফিরতে পারেননি। এ অবস্থায় কার্যক্রম চললে আসামি ক্ষতিগ্রস্ত হতে পারেন।এ সময় সাঈদী ট্রাইব্যুনালকে বলেন, ‘আজকের মতো কার্যক্রম মুলতবি করলে ভালো হয়। আমি হাতে লিখে মুলতবির আবেদন করেছি।’ এ সময় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী বলেন, কার্যক্রম চললে ভালো হবে। রাষ্ট্রপক্ষ সাক্ষ্য গ্রহণের জন্য প্রস্তুত। কিন্তু এখন কার্যক্রম চলবে কি না—এটা ট্রাইব্যুনালের সিদ্ধান্ত।এরপর ট্রাইব্যুনাল আদেশে বলেন, হরতালের জন্য ট্রাইব্যুনালের এক সদস্য আজ আসতে পারেননি। রাষ্ট্রপক্ষ প্রস্তুত থাকলেও আসামির কোনো আইনজীবী উপস্থিত না থাকায় আসামি নিজে কার্যক্রম মুলতবির আরজি করেছেন। এ অবস্থায় রাস্তার অবস্থা বিবেচনা করে ট্রাইব্যুনাল অনিচ্ছা সত্ত্বেও কার্যক্রম মুলতবি করছেন। আজ মঙ্গলবার তদন্ত কর্মকর্তার অসমাপ্ত জবানবন্দি নেওয়া হবে।