সাঈদীর ছেলের সঙ্গে আ.লীগের সাংসদও অতিথি!
চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণ পুইছড়ি মদিনাতুল উলুম মোহাম্মদিয়া মাদ্রাসার একটি অনুষ্ঠানে আওয়ামী লীগের স্থানীয় সাংসদের সঙ্গে যুদ্ধাপরাধের মামলায় আজীবন কারাদণ্ড পাওয়া দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম বিন সাঈদীকে অতিথি হিসেবে রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার মাদ্রাসার বার্ষিক সভা ও মাহফিল হওয়ার কথা রয়েছে।
এ বিষয়ে বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী গত রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি ঢাকায় অবস্থান করছি। আমার সম্মতি না নিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ আমাকে অতিথি করেছেন। আমি কেন সাঈদীর ছেলের সঙ্গে একই অনুষ্ঠানে উপস্থিত থাকব? এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্রও হতে পারে।’
এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ মো. আরিফ উল্লাহর বক্তব্য জানতে গত রাতে তাঁর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।
জানতে চাইলে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান মুঠোফোনে বলেন, ‘ওই মাদ্রাসা জামায়াতের প্রভাব রয়েছে। তারা আমাদের এমপিকে (সাংসদ) বিতর্কিত করার জন্য সাঈদীর ছেলেকেও অতিথি করেছে।’