সাঈদীর ছেলেসহ চারজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাবন্দী জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বড় ছেলে শামিম হোসাইন সাঈদীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কর্মকর্তারা জানান, ‘নাশকতার ষড়যন্ত্রের’ অভিযোগে গতকাল সোমবার দুপুরে উত্তরা এলাকা থেকে চারজনকে আটক করা হয়। পরে তাঁদের হরতালে গাড়ি পোড়ানো ও ভাঙচুরের ঘটনায় মতিঝিল থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।গ্রেপ্তার হওয়া বাকি তিনজন হলেন শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাবিবুর রহমান, বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার শিক্ষক মোশাররফ হোসেন ও কলম্বিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মালিক আবদুর রশিদ। সাঈদীর ছেলে শামীম হোসাইন মাহাদী ওভারসিজ নামে একটি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানের মালিক। ডিবির উপকমিশনার মোল্যা নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ডিবির একটি দল শামীম হোসাইনের মাইক্রোবাসকে অনুসরণ করে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে উত্তরা ৪ নম্বর সেক্টর থেকে এই চারজনকে আটক করে। তিনি দাবি করেন, তাঁরা নাশকতার ষড়যন্ত্র করছেন, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। তাঁদের গাড়িচালককে আটক করা হলেও পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।এদিকে সাঈদীর বড় ছেলেকে ‘বিনা অপরাধে’ গ্রেপ্তারের ঘটনায় এক বিবৃতিতে নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ।