সাঈদীর জামিন হয়নি, পরের শুনানি ২০ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর জামিন নামঞ্জুর করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে জেল কর্তৃপক্ষকে সাঈদীর চিকিৎসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন আদালত। এ ছাড়া এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে তদন্ত সংস্থাকে সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে না পারলে সর্বশেষ অবস্থা আদালতে জানাতে হবে।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আদালত গতকাল মঙ্গলবার এ আদেশ দেন।আদালত ২০ এপ্রিল মামলার পরবর্তী শুনানির নির্দেশ দিয়েছেন। ওই দিন জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা ও মোহাম্মদ কামারুজ্জামানকেও আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।গতকাল সকালে সাঈদীকে কারাগার থেকে প্রিজন ভ্যানে করে পুরোনো হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনালে নেওয়া হয়। কার্যক্রমের শুরুতে প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী এই মামলার কেস ডকুমেন্ট (সিডি) আদালতে উপস্থাপন করেন। তদন্তের জন্য তিনি আদালতের কাছে আরও সময় চান। শুনানিতে সাঈদীর আইনজীবী তাজুল ইসলাম তাঁর মক্কেলকে জামিন দেওয়ার আবেদন জানিয়ে বলেন, ‘তিনি একজন ধর্মীয় নেতা। কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই তাঁকে সাড়ে আট মাস যাবৎ আটক রাখা হয়েছে।’সাঈদীর হূদযন্ত্রে সমস্যা ও বহুমূত্র (ডায়াবেটিস) আছে উল্লেখ করে আইনজীবী তাজুল ইসলাম বলেন, তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তাঁর সুচিকিৎসা দরকার। তবে তদন্ত সংস্থার আইনজীবী সৈয়দ হায়দার আলী জামিনের বিরোধিতা করে বলেন, ‘সাঈদী জামিন পেলে মামলা প্রভাবিত হবে। অসুস্থতার দাবি সম্পর্কে আইনজীবী হায়দার আলী বলেন, ‘গ্রেপ্তারের আগে তিনি এসব অসুখ নিয়েই সারা দেশে ঘুরেছেন, ওয়াজ করেছেন।