সাঈদীর জামিনের আবেদন, আদেশ ২৪ জুন
মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর জামিনের আবেদন করা হয়েছে। ২৪ জুন এ বিষয়ে আদেশের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে গতকাল বৃহস্পতিবার সাঈদীর জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী তাজুল ইসলাম। জামিনের বিরোধিতা করে বক্তব্য দেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী। শুনানি শেষে ট্রাইব্যুনাল আদেশের দিন ধার্য করেন।সাঈদী মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন। ১৪ জুন রাতে তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে পাঠায়। বুধবার ট্রাইব্যুনালের নির্দেশে তাঁকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে স্থানান্তর করা হয়।গতকাল ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাঈদীর সুচিকিৎসার জন্য এ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়। এই বোর্ডের পরামর্শ অনুযায়ী বুধবার বেলা তিনটায় তাঁর হার্টের রক্তনালির ব্লকে স্টেনটিং করার সিদ্ধান্ত হয়। আইভিইউএস এবং এফএফআর-এর মাধ্যমে ব্লকের তীব্রতা নির্ধারণ করে তিনটি ব্লকে স্টেনটিং করা হয়। তাঁর শারীরিক অবস্থা ক্রমান্বয়ে উন্নতির দিকে। তিনি সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।