সাঈদীর জামিনের আবেদন খারিজ
মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর জামিনের আবেদন গতকাল বৃহস্পতিবার খারিজ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। পিরোজপুরে করা দুটি মামলায় গত বুধবার জামিনের এই আবেদন করা হয়েছিল।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল আবেদন খারিজ করে আদেশে বলেন, ওই মামলা দুটি দণ্ডবিধি অনুসারে করা হয়েছিল। এ ধরনের মামলা ট্রাইব্যুনালের বিচারিক আওতার মধ্যে পড়ে না।প্রসঙ্গত, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর অধীনে ফৌজদারি কার্যবিধি ও সাক্ষ্য আইন প্রযোজ্য নয়।২০০৯ সালে পিরোজপুর সদর ও জিয়ানগর থানায় সাঈদীর বিরুদ্ধে দুটি মামলা করা হয়। এগুলো তদন্তের জন্য মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থায় পাঠানো হয়েছিল। এ জন্য ওই দুই মামলায় সাঈদীর জামিন চেয়ে বুধবার আবেদন করে আসামিপক্ষ।গত ২৮ ফেব্রুয়ারি এই ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের দায়ে সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দেন। তাঁর বিরুদ্ধে আনা ২০টি অভিযোগের মধ্যে আটটি প্রমাণিত হয়।গোলাম আযমের পক্ষে যুক্তি উপস্থাপন রোববার: একই ট্রাইব্যুনাল গতকাল জামায়াতের সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য ২৪ মার্চ (রোববার) দিন ধার্য করেন। গতকাল আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম যুক্তি উপস্থাপন শুরু করার কিছুক্ষণের মধ্যে সরকারি ছুটি ঘোষণা করা হলে কার্যক্রম রোববার পর্যন্ত মুলতবি করা হয়।সাকা চৌধুরীর এক আবেদন খারিজ, একটির নিষ্পত্তি: একই ট্রাইব্যুনাল গতকাল মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর একটি আবেদন খারিজ ও আরেকটি আবেদনের নিষ্পত্তি করেন। প্রথম আবেদনে জাতীয় সংসদের অধিবেশন চলার আগের ও পরের সাত দিন সাকা চৌধুরীর বিরুদ্ধে মামলার কার্যক্রম বাতিলের আরজি জানানো হয়। এ আবেদন খারিজ করা হয়।দ্বিতীয় আবেদনে সাকা চৌধুরী ‘মানহানিকর হয়রানি’ থেকে রক্ষা পেতে ট্রাইব্যুনালের কাছে তদন্তের নির্দেশনা এবং এ-বিষয়ক আইনি লড়াইয়ের অনুমতি চান। এ আবেদনের বিষয়ে ট্রাইব্যুনাল আদেশে বলেন, কারাগারে কী হয়েছে, তা দেখার এখতিয়ার ট্রাইব্যুনালের নেই। এটা কারা কর্তৃপক্ষের বিষয়। তবে তিনি যেন এ বিষয়ে আইনি লড়াই করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন ট্রাইব্যুনাল।১৯ মার্চ এই আবেদনের শুনানিতে সাকা চৌধুরী বলেন, গত বছরের ১৬ ডিসেম্বর কাশিমপুর কারাগারে (পার্ট-১) পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর কথোপকথন ধারণ করা হয়। অডিওতে ধারণ করা ১৫ মিনিটের ওই কথোপকথন সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ইউটিউবে ছাড়া হয়। এর এক সপ্তাহ পর সামাজিক যোগাযোগের আরেক ওয়েবসাইট ফেসবুকে ৩১ বছরের সাজাপ্রাপ্ত এক ব্যক্তিকে দিয়ে তাঁর বিরুদ্ধে মানহানিকর অভিযোগ আনা হয়েছে।