মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর জামিনের আবেদন নাকচ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে সাঈদীর ব্যাপারে আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন জমা দিতে তদন্ত সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত সংস্থা এই সময়ের মধ্যে প্রতিবেদন না দিলে ১৬ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল প্রয়োজনীয় আদেশ দেবেন। ওই দিন সাঈদীকে হাজির করতেও বলা হয়েছে।ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ গতকাল বুধবার এ আদেশ দেন।আদেশে বলা হয়েছে, ‘উভয় পক্ষের বক্তব্য শুনে আমাদের অভিমত হচ্ছে, তদন্তে আরও কিছুটা সময় দেওয়া দরকার। এই পর্যায়ে আমরা সাঈদীকে জামিন দিতে ইচ্ছুক নই। তাঁর জামিন আবেদন নাকচ করা হলো।’এ সময় সাঈদী ট্রাইব্যুনালের কাঠগড়ায় হাজির ছিলেন।শুনানিতে অংশ নিয়ে প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী বলেন, গত ২ নভেম্বরের ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী ২৩ ডিসেম্বর সাঈদীর বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। তদন্ত অব্যাহত আছে। তাঁর বিরুদ্ধে ১৯৭১ সালে হত্যা, অগ্নিসংযোগ, ধর্ষণ, লুটপাটসহ অনেক অভিযোগ আছে।