সাঈদীর জামিনের আবেদন মঞ্জুর হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে হত্যা, লুণ্ঠন ও অগ্নিসংযোগের অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর জামিন গতকাল সোমবার হাইকোর্টে মঞ্জুর হয়নি। তাঁর জামিনের আবেদন উপস্থাপন করা হয়নি বলে তা খারিজ করে দিয়েছেন বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। অ্যাটর্নি জেনারেল মাহ্বুবে আলম এ বিষয়ে প্রথম আলোকে বলেন, এত দিন দেলাওয়ার হোসাইন সাঈদী জামিনে ছিলেন। এখন তিনি আবেদন প্রত্যাহার করে নিয়েছেন। ফলে সাঈদীকে গ্রেপ্তারে কোনো বাধা নেই।আদালতে সাঈদীর আইনজীবী আবদুর রাজ্জাক বলেন, আগে জামিন দেওয়া হয়েছে। ১৯৭৩ সালের আইনে তাঁর বিরুদ্ধে এ মামলা করা হয়নি। সাধারণ আইনে করা মামলায় আদালত জামিন দিতে পারেন। আদালত বলেন, আগে দেওয়া হয়েছে। কিন্তু ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, তদন্ত কমিটি গঠিত হয়েছে, তদন্ত চলছে। অপরাধের বিচারের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এ পর্যায়ে সরাসরি জামিন দেওয়া সমীচীন হবে না। আদালত সাঈদীকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলেন। এ পর্যায়ে সাঈদীর আইনজীবী জামিনের আবেদন ফেরত নেওয়ার আরজি জানালে আদালত আবেদন উপস্থাপন করা হয়নি বলে তা খারিজ করে দেন।জামিনের আবেদন শুনানির সময় সাঈদী আদালতে উপস্থিত ছিলেন।