সাঈদীর দণ্ড নিয়ে ফেসবুকে লেখায় চিকিৎসককে মারধর
মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ের পক্ষে ফেসবুকে লেখা পোস্ট করায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের একজন শিক্ষানবিশ চিকিৎসককে মারধর করার অভিযোগ উঠেছে। ওই চিকিৎসক ছাত্রাবাস থেকে পালিয়ে তাঁর এক আত্মীয়ের বাসায় আশ্রয় নিয়েছেন।এ ঘটনায় ওই চিকিৎসক মেডিকেল কলেজের অধ্যক্ষ ও হাসপাতালের পরিচালকের কাছে গত মঙ্গলবার লিখিত অভিযোগ করেছেন।ওই চিকিৎসকের নাম ঈমান নূর শামসুদ্দিন। তিনি কলেজের শহীদ নূরুন্নবী ছাত্রাবাসের ২১১ নম্বর কক্ষে থাকতেন। অভিযোগ সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে তিনি কক্ষে ঘুমিয়ে ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে দরজায় কড়া নাড়ার শব্দ পেয়ে তিনি উঠে দরজা খুলে দেন। এ সময় ছাত্রশিবিরের কয়েকজন কর্মী এসে সাঈদীর রায়ের পক্ষে ফেসবুকে লেখা পোস্ট করার অভিযোগে তাঁকে কিল-ঘুষি মারেন এবং ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে পেটান। তাঁরা তাঁকে ফেসবুকে লেখা পোস্টগুলো ১০ মিনিটের মধ্যে মুছে ফেলতে বলেন। একপর্যায়ে তাঁরা দাঁড়িয়ে থেকে লেখাগুলো মুছে দিতে বাধ্য করেন।ঘটনার পর থেকে শিবিরকর্মীরা তাঁর কক্ষের দরজার সামনে পাহারা বসান। এ কারণে তিনি আর বাইরে বের হতে পারেননি। গত সোমবার সন্ধ্যায় তিনি সুযোগ পেয়ে কক্ষ থেকে বের হয়ে হাসপাতালে এসে চিকিৎসা নেন। ঈমান নূর শামসুদ্দিন জানান, তিনি বর্তমানে তাঁর বোনের বাসায় আছেন। তিনি এই প্রতিবেদকের কাছে শিবিরকর্মীদের নাম বলতে চাননি। তবে হাসপাতালের পরিচালকের কাছে শিবিরকর্মীদের নাম দিয়েছেন বলে জানান। ছাত্রশিবির রাজশাহী মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এমন কিছুই ঘটেনি। ঘটলে আমরা জানতাম।’হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, বিষয়টি তিনি খতিয়ে দেখছেন। একপক্ষের অভিযোগ পেয়েছেন। অন্যপক্ষকেও তিনি কথা বলার জন্য ডেকেছেন। অধ্যক্ষকেও বিষয়টি দেখতে বলেছেন।