সাঈদীর দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল শুনানি ১৭ সেপ্টেম্বর

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল শুনানির জন্য ১৭ সেপ্টেম্বর তালিকায় আসবে। গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ শুনানির এ দিন ধার্য করেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া দণ্ডাদেশের বিরুদ্ধে সাঈদী এবং রাষ্ট্রপক্ষ আপিল করেছে। এসব আপিলের ওপর শুনানির দিন ধার্যের বিষয়ে আদেশের জন্য আপিল বিভাগের কার্যতালিকায় গতকাল বিষয়টি ১ নম্বর ক্রমিকে ছিল।
পরে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান প্রথম আলোকে বলেন, আসামিপক্ষ অবকাশ শেষে (১৫ সেপ্টেম্বর) খোলার দুই সপ্তাহ পর দিন ধার্যের আরজি জানিয়েছিল। আপিল বিভাগ ১৭ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করেছেন।
সাঈদীর বিরুদ্ধে মামলার রায়সহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২ মানবতাবিরোধী অপরাধের ছয়টি মামলার রায় ঘোষণা করেছেন। এগুলোর মধ্যে তিনটি রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে। এর মধ্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের শুনানি ২৩ জুলাই শেষ হয়েছে। আপিল বিভাগ বিষয়টি রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছেন। যেকোনো দিন এ রায় ঘোষণা করা হবে। গত ৫ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল-২ কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।
এ ছাড়া গত সোমবার আপিল বিভাগ শুনানির পূর্বপ্রস্তুতি হিসেবে মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের করা আপিলের সারসংক্ষেপ ১৭ সেপ্টেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ দেন।
গতকাল রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ও সাঈদীর পক্ষে আবদুর রাজ্জাক শুনানিতে অংশ নেন। এ সময় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম উপস্থিত ছিলেন।
ট্রাইব্যুনাল-১ গত ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দেন। ২৮ মার্চ রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ আপিল করে। আসামিপক্ষ সাঈদীর মৃত্যুদণ্ডাদেশ বাতিল করে তাঁকে খালাসের আরজি জানিয়ে আপিল করেছে। আর ছয়টি অভিযোগ প্রমাণিত হওয়ার পরও দণ্ড ঘোষণা না হওয়ায় এ ক্ষেত্রেও সর্বোচ্চ সাজা চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ।
৪ আগস্ট থেকে সুপ্রিম কোর্টের অবকাশ শুরু হয়ে চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। সাপ্তাহিক ছুটি শেষে ১৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট খুলবে।
অন্যান্য রায় ও আপিল: ট্রাইব্যুনাল-২ মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ২১ জানুয়ারি প্রথম রায়ে জামায়াতের সাবেক সদস্য (রুকন) আবুল কালাম আযাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ দেন।
পলাতক আযাদ আপিল করেননি। মানবতাবিরোধী অপরাধের মামলায় ৯ মে কামারুজ্জামানকে মৃত্যুদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল-২।
১৫ জুলাই জামায়াতের সাবেক আমির গোলাম আযমকে ৯০ বছরের কারাদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল-১ এবং ১৭ জুলাই বর্তমান সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে মৃত্যুদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল-২। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনে রায়ের ৩০ দিনের মধ্যে আপিল বিভাগে আপিল করার বিধান রয়েছে।
এ হিসাবে যথাক্রমে ১৫ আগস্ট ও ১৭ আগস্ট ৩০ দিন সময় শেষ হচ্ছে। রায় ঘোষণার পর আসামিপক্ষের আইনজীবীরা জানিয়েছিলেন, ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।