সাঈদীর দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল শুনানি ২২ মে
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর দণ্ডের বিরুদ্ধে আপিলের ওপর ২২ মে শুনানির দিন ধার্য করা হয়েছে। এ সময়ের মধ্যে আসামিপক্ষ আপিলের সারসংক্ষেপ জমা দিতে বলা হয়েছে।গতকাল সোমবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ এ দিন ধার্য করেন। সারসংক্ষেপ দাখিলের জন্য গতকাল আসামিপক্ষে দুই সপ্তাহ সময়ের আবেদন করা হয়।আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সাঈদীর পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুর রাজ্জাক। মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ২৮ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। গত ১৮ এপ্রিল আপিল বিভাগ ২ মে তারিখ ধার্য করে এই সময়ের আগে উভয় পক্ষকে আপিলের সারসংক্ষেপ জমা দিতে নির্দেশ দেন। সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ৭ মে আপিল বিভাগ আসামিপক্ষকে ১৬ মের মধ্যে আপিলের সারসংক্ষেপ জমা দিতে নির্দেশ দিয়ে পরদিন দিন ধার্য করেন। এর ধারাবাহিকতায় গতকাল শুনানি হয়।কাদের মোল্লার দণ্ডের বিরুদ্ধে আপিল শুনানি চলছে: মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের ওপর আসামিপক্ষের বক্তব্য উপস্থাপন অব্যাহত আছে। গতকাল ১১তম দিনের মতো আপিল বিভাগের একই বেঞ্চ শুনানি গ্রহণ করেন।