সাঈদীর দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল শুনানির তালিকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেলাওয়ার হোসাইন সাঈদীর
দেলাওয়ার হোসাইন সাঈদীর

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর দণ্ডাদেশের বিরুদ্ধে আসামি ও রাষ্ট্রপক্ষের আপিলগুলো শুনানির দিন ধার্যে আদেশের জন্য আপিল বিভাগের কার্যতালিকায় রয়েছে।
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চে মঙ্গলবারের কার্যতালিকায় বিষয়টি এক নম্বর ক্রমিকে রয়েছে। বেঞ্চের অন্য চার বিচারক হলেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।
যোগাযোগ করা হলে আজ সোমবার অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান প্রথম আলো ডটকমকে বলেন, দুটি আপিল তালিকায় রয়েছে। এখন শুনানির দিন ধার্য হবে।
মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ২৮ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ট্রাইব্যুনালের রায়ে সাঈদীর বিরুদ্ধে আনা ২০টি অভিযোগের মধ্যে আটটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এর মধ্যে ইব্রাহিম কুট্টি ও বিসাবালিকে হত্যার দায়ে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এ ছাড়া তাঁর বিরুদ্ধে ধর্ষণের দুটি, ধর্মান্তর করার একটি এবং লুটপাট, অগ্নিসংযোগ, নির্যাতনের তিনটি অভিযোগ প্রমাণিত হয়েছে। তবে দুটি অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়ায় অন্য অভিযোগগুলোতে আলাদা করে কোনো দণ্ড দেওয়া হয়নি।

রায় ঘোষণার ২৯ দিনের মাথায় ২৮ মার্চ রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ আপিল করে। সাঈদীর মৃত্যুদণ্ডাদেশ বাতিল করে তাঁকে খালাসের আরজি জানিয়ে আপিল করেন সাঈদী। অন্যদিকে ছয়টি অভিযোগ প্রমাণিত হওয়ার পরও দণ্ড ঘোষণা না হওয়ায় এ ক্ষেত্রে সর্বোচ্চ সাজা চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ। দুটি আপিল এখন শুনানির অপেক্ষায়।