সাঈদীর দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের শুনানি আবার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর দণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিলের ওপর শুনানি গতকাল সোমবার আবার শুরু হয়েছে। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ গতকাল ১৯তম দিনের মতো শুনানি গ্রহণ করেন।
গত ২৫ নভেম্বর আপিলের ওপর ১৮তম দিনের শুনানি হয়। আইনজীবীরা জানান, ওই দিনের শুনানির পর বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের টানা অবরোধ-হরতালের কর্মসূচি থাকায় আসামিপক্ষের আইনজীবী উপস্থিত না থাকায় শুনানি হয়নি। মাঝে সুপ্রিম কোর্টের অবকাশ ছিল।
গতকাল শুনানিতে সাঈদীর পক্ষে আইনজীবী এস এম শাহজাহান আগের শুনানির ধারাবাহিকতায় রাষ্ট্রপক্ষের ২৮তম ও শেষ সাক্ষী তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিনের জেরা উপস্থাপন করেন। এ সময় রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান উপস্থিত ছিলেন।
মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।