সাঈদীর দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের শুনানি শুরু

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের শুনানি আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে।
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ সাঈদীর পক্ষে সময় আবেদন নাকচ করে দেন। অপর বিচারপতিরা হলেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।
এর আগে আসামিপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ১৭ সেপ্টেম্বর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ আজ (২৪ সেপ্টেম্বর) পর্যন্ত শুনানি মুলতবি করেছিলেন। আজ দুপুর ১২টা ১০ মিনিট থেকে শুনানি শুরু হয়ে চলে বেলা একটা পর্যন্ত। কাল বুধবার আবার শুনানি হবে। শুনানিতে অংশ নিয়ে সাঈদীর আইনজীবী আবদুর রাজ্জাক মামলার ঘটনা বর্ণনা করেন।
মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ২৮ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। রায়ে সাঈদীর বিরুদ্ধে আনা ২০টি অভিযোগের মধ্যে আটটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এর মধ্যে ইব্রাহিম কুট্টি ও বিসাবালিকে হত্যার দায়ে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এ ছাড়া তাঁর বিরুদ্ধে ধর্ষণের দুটি, ধর্মান্তরিত করার একটি এবং লুটপাট, অগ্নিসংযোগ ও নির্যাতনের তিনটি অভিযোগ প্রমাণিত হয়েছে। তবে দুটি অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়ায় অন্য অভিযোগগুলোতে আলাদা করে কোনো দণ্ড দেওয়া হয়নি। রায় ঘোষণার ২৯ দিনের মাথায় ২৮ মার্চ রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ আপিল করে। আসামিপক্ষ সাঈদীর মৃত্যুদণ্ডাদেশ বাতিল করে তাঁকে খালাসের আরজি জানিয়ে আপিল করে। অপরপক্ষে ছয়টি অভিযোগ প্রমাণিত হওয়ার পরও দণ্ড ঘোষণা না হওয়ায় এ ক্ষেত্রে সর্বোচ্চ সাজা চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ।