সাঈদীর দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের শুনানি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধ
মানবতাবিরোধী অপরাধ

একাত্তরে মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর দণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিলের শুনানি গতকাল মঙ্গলবার শুরু হয়েছে। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ এই শুনানি গ্রহণ করেন।
বেঞ্চের অপর বিচারপতিরা হলেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী। আজ বুধবারও শুনানির দিন ধার্য রয়েছে।
গতকাল আপিল বিভাগের দৈনন্দিন কার্যতালিকায় দণ্ডাদেশের বিরুদ্ধে সাঈদী ও রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানির জন্য ৭ নম্বর ক্রমিকে ছিল। সকালে আসামিপক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন প্রস্তুতির জন্য তিন সপ্তাহ সময় চান। রাষ্ট্রপক্ষে এর বিরোধিতা করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। শুনানি শেষে আদালত দুপুর ১২টায় আদেশের সময় ধার্য করেন।
বিরতির পর দুপুর ১২টার দিকে কার্যক্রম শুরু হলে আদালত ওই আবেদন নাকচ করে শুনানি শুরু করতে বলেন। পরে সাঈদীর পক্ষে আইনজীবী আবদুর রাজ্জাক শুনানি শুরু করেন। বেলা একটা পর্যন্ত চলা শুনানিতে আবদুর রাজ্জাক ট্রাইব্যুনালের দেওয়া রায়ের ১২০ পৃষ্ঠার মধ্যে ২১ পৃষ্ঠা পর্যন্ত পড়েন। তাঁকে সহায়তা করেন আইনজীবী তানভীর আহমেদ আল আমিন। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান, মোমতাজ উদ্দিন ফকির, ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে জামায়াতের অপর নেতা আবদুল কাদের মোল্লার দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের শুনানি গ্রহণ ও রায় ঘোষণা করেন প্রধান বিচারপতি, বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর বেঞ্চ। তবে সাঈদীর দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল শুনানির বেঞ্চে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন নেই, অন্তর্ভুক্ত হয়েছেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। রায়ে সাঈদীর বিরুদ্ধে আনা ২০টি অভিযোগের মধ্যে আটটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এর মধ্যে ইব্রাহিম কুট্টি ও বিসা বালীকে হত্যার দায়ে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এ ছাড়া ধর্ষণের দুটি, ধর্মান্তরিত করার একটি এবং লুটপাট, অগ্নিসংযোগ, নির্যাতনের তিনটি অভিযোগ প্রমাণিত হয়। তবে দুটি অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়ায় অন্যগুলোতে আলাদা করে দণ্ড দেওয়া হয়নি। দণ্ডাদেশের বিরুদ্ধে ২৮ মার্চ রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ আপিল করে। আসামিপক্ষ আপিলে মৃত্যুদণ্ডাদেশ বাতিল করে সাঈদীকে খালাসের আরজি জানায়। অন্যদিকে ছয়টি অভিযোগ প্রমাণিত হলেও দণ্ড না হওয়ায় আপিলে এসব ক্ষেত্রে সর্বোচ্চ সাজা চেয়েছে রাষ্ট্রপক্ষ।