জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধ-কালের মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিলের শুনানি গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। তবে রায়ের দিন ধার্য না করে আজ বুধবার দুটি আবেদনের ওপর আদেশের জন্য দিন ধার্য করা হয়েছে।
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চে গতকাল আসামিপক্ষের যুক্তি খণ্ডন শেষ হয়। এরপর রাষ্ট্রপক্ষ জবাব দেয়। বেঞ্চের অপর সদস্যরা হলেন: বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তাঁকে সহযোগিতা করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান। আসামিপক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন এবং এস এম শাহজাহান।
পরে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল প্রথম আলোকে বলেন, দুই পক্ষেরই আপিল শুনানি শেষ হয়েছে। তবে দুটি আবেদনের ওপর আদেশের জন্য বুধবার দিন ধার্য করায় রায়ের বিষয়ে কোনো তারিখ দেওয়া হয়নি।
গতকাল শুনানির একপর্যায়ে আদালত বলেন, ‘আমরা আপনাদের আর কত সময় দেব। দিনের পর দিন, মাসের পর মাস আপনারা শুনানি করছেন। এখন পুনরাবৃত্তি করছেন। এই কোর্ট অ্যাপিলেট ট্রাইব্যুনাল নয়, আপিল বিভাগ। আমরা এখানে শুধু ট্রাইব্যুনালের মামলার শুনানি করি না।’
গত বছরের ২৮ ফেব্রুয়ারি একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। সাঈদীর বিরুদ্ধে আনা ২০টি অভিযোগের মধ্যে আটটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এর মধ্যে ইব্রাহিম কুট্টি হত্যাকাণ্ড এবং বিসাবালী হত্যাকাণ্ডের দায়ে সাঈদীকে ফাঁসির আদেশ দেওয়া হয়। এ দুটি অভিযোগে সর্বোচ্চ শাস্তি দেওয়ায় অপর ছয়টি অভিযোগের ক্ষেত্রে আলাদা দণ্ড দেননি ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে গত বছরের ২৮ মার্চ সাঈদী আপিল করেন। আর দোষী সাব্যস্ত হওয়া ছয় অভিযোগে সাজা চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ।
এদিকে ইব্রাহিম কুট্টি হত্যাকাণ্ডের অভিযোগসংক্রান্ত নথি তলবের জন্য গত রোববার আবেদন করে আসামিপক্ষ। আবেদনে মামলার রেজিস্টার খাতা (জিআর) তলবের আরজি জানানো হয়। অন্যদিকে মুক্তিযুদ্ধের পর দালাল আইনে গঠিত বিশেষ ট্রাইব্যুনালের মামলার নথি তলবের জন্য আবেদন করে রাষ্ট্রপক্ষ। গতকাল এ দুটি আবেদনের ওপর শুনানি শেষে আজ আদেশের দিন ধার্য করেন আপিল বিভাগ। তাই আপিল শুনানি শেষ হলেও রায়ের জন্য দিন ধার্য করা হয়নি।
মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর মধ্যে প্রথম আপিল নিষ্পত্তি হয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মামলায়। গত বছরের ৫ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল-২ কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিলেও আপিল বিভাগ গত ১৭ সেপ্টেম্বর তাঁকে মৃত্যুদণ্ডাদেশ দেন। ১২ ডিসেম্বর রাতে ওই দণ্ড কার্যকর হয়। মানবতাবিরোধী অপরাধের দায়ে একমাত্র ফাঁসির ঘটনাও সেটি।