সাঈদীর দণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিল কার্যতালিকায়
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া দণ্ডাদেশের বিরুদ্ধে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী ও রাষ্ট্রপক্ষের আপিল শুনানির দিন ধার্যের জন্য আপিল বিভাগের কার্যতালিকায় রয়েছে।
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চে মঙ্গলবারের কার্যতালিকায় আদেশের জন্য বিষয়টি ১ নম্বর ক্রমিকে রয়েছে। বেঞ্চের অপর চার বিচারপতি হলেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।
যোগাযোগ করা হলে সোমবার অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান প্রথম আলোকে বলেন, আপিল দুটি তালিকায় রয়েছে। এখন শুনানির দিন ধার্য হবে।
মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ২৮ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
রায় ঘোষণার ২৯ দিনের মাথায় ২৮ মার্চ রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ আপিল করে। আসামিপক্ষ সাঈদীর মৃত্যুদণ্ডাদেশ বাতিল করে তাঁকে খালাসের আরজি জানিয়ে আপিল করেছে। আর ছয়টি অভিযোগ প্রমাণিত হওয়ার পরও দণ্ড ঘোষণা না হওয়ায় এ ক্ষেত্রেও সর্বোচ্চ সাজা চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ।