সাঈদীর দণ্ডের বিরুদ্ধে আপিল শুনানির তালিকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধের বিচার
মানবতাবিরোধী অপরাধের বিচার

মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের ওপর আজ মঙ্গলবার শুনানি শুরু হতে পারে।
আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৭ সেপ্টেম্বর প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ ২৪ সেপ্টেম্বর পর্যন্ত শুনানি মুলতবি করেছিলেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, আপিল বিভাগের আজ মঙ্গলবারের দৈনন্দিন কার্যতালিকায় সাঈদীর দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল শুনানির জন্য ৭ নম্বর ক্রমিকে রয়েছে। আসামিপক্ষ মুলতবির জন্য দরখাস্ত দিয়েছে।
সাঈদীর পক্ষের আইনজীবী শিশির মুনির এ বিষয়ে বলেন, প্রস্তুতির জন্য তিন সপ্তাহ সময় চেয়ে আবেদন করা হয়েছে।
মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তাঁর বিরুদ্ধে ২০টি অভিযোগের মধ্যে আটটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এর মধ্যে ইব্রাহিম কুট্টি ও বিসা বালীকে হত্যার দায়ে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এ ছাড়া ধর্ষণের দুটি, ধর্মান্তরিত করার একটি এবং লুটপাট, অগ্নিসংযোগ, নির্যাতনের তিনটি অভিযোগ প্রমাণিত হয়। দুটি অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়ায় অন্য অভিযোগগুলোতে আলাদা করে দণ্ড দেওয়া হয়নি। ২৮ মার্চ রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ আপিল করে। আসামিপক্ষ মৃত্যুদণ্ডাদেশ বাতিল করে তাঁকে খালাসের আরজি জানায়। ছয়টি অভিযোগ প্রমাণিত হলেও দণ্ড না হওয়ায় এ ক্ষেত্রে সর্বোচ্চ সাজা চেয়েছে রাষ্ট্রপক্ষ।