সাঈদীর দণ্ডের বিরুদ্ধে আপিলের শুনানি আজ
মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের ওপর আজ মঙ্গলবার শুনানি হতে পারে।
গত ৩০ জুলাই প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ শুনানির এ দিন ধার্য করেছিলেন। গতকাল সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায়, আপিল বিভাগের আজ মঙ্গলবারের দৈনন্দিন কার্যতালিকায় দুটি আপিল শুনানির জন্য ২১ নম্বর ক্রমিকে রয়েছে। এর মধ্যে একটি সাঈদীর, অন্যটি রাষ্ট্রপক্ষের।
মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। রায়ে সাঈদীর বিরুদ্ধে আনা ২০টি অভিযোগের মধ্যে আটটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এর মধ্যে ইব্রাহিম কুট্টি ও বিসা বালীকে হত্যার দায়ে তাঁকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। এ ছাড়া তাঁর বিরুদ্ধে ধর্ষণের দুটি, ধর্মান্তরিত করার একটি এবং লুটপাট, অগ্নিসংযোগ ও নির্যাতনের তিনটি অভিযোগ প্রমাণিত হয়েছে।