সাঈদীর দণ্ডের বিরুদ্ধে আপিলের শুনানি চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের শুনানি গ্রহণ করেছেন আপিল বিভাগ। গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ দ্বাদশ দিনের মতো শুনানি গ্রহণ করেন। রোববার আবার শুনানি হওয়ার কথা।
গত ৮ অক্টোবর আপিল বিভাগ একাদশ দিনের মতো শুনানি গ্রহণের পর ১২ নভেম্বর শুনানির দিন ধার্য করেন। এরপর গতকাল দুপুর ১২টা থেকে বেলা একটা পর্যন্ত শুনানি হয়। শুনানিতে সাঈদীর পক্ষে আইনজীবী এস এম শাহজাহান রাষ্ট্রপক্ষের একাদশ ও দ্বাদশ সাক্ষীর জবানবন্দি ও জেরার অংশবিশেষ উপস্থাপন করেন। একাদশ সাক্ষী আবদুল জলিল শেখ ও দ্বাদশ সাক্ষী হলেন পিরোজপুরের সাংসদ এ কে এম আউয়াল।
এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং সাঈদীর পক্ষে আইনজীবী আবদুর রাজ্জাক ও শিশির মনির উপস্থিত ছিলেন।
একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ২৮ ফেব্রুয়ারি সাঈদীর মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। রায়ে সাঈদীর বিরুদ্ধে আনা ২০টি অভিযোগের মধ্যে আটটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এর মধ্যে দুটি অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়ায় বাকিগুলোতে আলাদা করে দণ্ড দেওয়া হয়নি। রায়ের পর ২৮ মার্চ রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ আপিল করে। ২৪ সেপ্টেম্বর আপিলের ওপর শুনানি শুরু হয়।
একই বেঞ্চের কার্যতালিকায় আপিলের সারসংক্ষেপ দাখিল বিষয়ে আদেশের জন্য জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের আপিল ১ নম্বর ক্রমিকে ছিল। পরে এ বিষয়ে আইনজীবী শিশির মনির প্রথম আলোকে বলেন, সারসংক্ষেপ দাখিল বিষয়ে আদেশের জন্য কার্যতালিকায় ছিল। আদালত সারসংক্ষেপ দাখিলের জন্য এক সপ্তাহ সময় দিয়েছেন। ২৬ নভেম্বর পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
গত ১৭ জুলাই আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে মৃত্যুদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল-২। এ রায়ের বিরুদ্ধে গত ১১ আগস্ট তিনি আপিল করেন।