সাঈদীর দণ্ডের বিরুদ্ধে আপিলের শুনানি ২২ মে

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর দণ্ডের বিরুদ্ধে আপিলের শুনানি হবে ২২ মে। আজ সোমবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ শুনানির এ তারিখ নির্ধারণ করেন।শুনানিতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও আসামিপক্ষে আবদুর রাজ্জাক অংশ নেন।মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ২৮ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।রায়ে সাঈদীর বিরুদ্ধে আনা ২০টি অভিযোগের মধ্যে আটটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এর মধ্যে ইব্রাহিম কুট্টি ও বিসাবালিকে হত্যার দায়ে তাঁকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। এ ছাড়া তাঁর বিরুদ্ধে ধর্ষণের দুটি, ধর্মান্তরিত করার একটি এবং লুটপাট, অগ্নিসংযোগ ও নির্যাতনের তিনটি অভিযোগ প্রমাণিত হয়েছে। তবে দুটি অভিযোগে মৃত্যুদণ্ডাদেশ দেওয়ায় অন্য অভিযোগগুলোতে আলাদা করে কোনো দণ্ড দেওয়া হয়নি।
ছয়টি অভিযোগ প্রমাণিত হওয়ার পরও দণ্ড ঘোষণা না হওয়ায় এ ক্ষেত্রে সর্বোচ্চ সাজা চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ। সাঈদীর মৃত্যুদণ্ডাদেশ বাতিল করে তাঁকে খালাসের আরজি জানিয়ে আপিল করেন সাঈদী। রায় ঘোষণার ২৯ দিনের মাথায় ২৮ মার্চ রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ আপিল করে।
এরপর ১৮ এপ্রিল আপিল বিভাগ ২ মে তারিখ ধার্য করে এই সময়ের আগে উভয় পক্ষকে আপিলের সারসংক্ষেপ জমা দিতে নির্দেশ দেন। সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ৭ মে আপিল বিভাগ আসামিপক্ষকে ১৬ মের মধ্যে আপিলের সারসংক্ষেপ জমা দিতে নির্দেশ দেন। এর ধারাবাহিকতায় আজ শুনানি হয়।