সাঈদীর পক্ষে জবানবন্দি দিলেন আরও দুই সাক্ষী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বুধবার আসামিপক্ষের আরও দুজন সাক্ষী জবানবন্দি দিয়েছেন। তাঁদের মধ্যে এক সাক্ষীকে জেরা শেষ হয়েছে।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল কার্যক্রম শুরুর আগেই সাঈদীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মামলার কার্যক্রম শুরু হলে আসামিপক্ষের ১৪তম সাক্ষী ইমরান হোসেন (৫৯) জবানবন্দিতে বলেন, তাঁর বাড়ি যশোরের বাঘারপাড়া থানার মহীরন গ্রামে। ১৯৬৯-৭০ সালে সাঈদী যশোর উপশহরে বাসা ভাড়া করে থাকতেন এবং ধর্মসভা করতেন। একাত্তরের ২৬ মার্চ মুক্তিযুদ্ধ শুরু হলে যশোর ক্যান্টনমেন্ট থেকে শহরের ওপর গোলাবর্ষণ শুরু হয়। মে মাসের মাঝামাঝি সাঈদী মহীরন গ্রামের পীর সদরুদ্দিনের বাড়িতে চলে যান। মহীরনে ১৫ দিন থাকার পর সাঈদী দহকোলা গ্রামের রওশন আলীর বাড়িতে আশ্রয় নেন। সেখানে আড়াই মাস থাকার পর তিনি গ্রামের বাড়ি চলে যান।সংক্ষিপ্ত জবানবন্দি শেষে ইমরান হোসেনকে জেরা করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী। তিনি মত (সাজেশন) দেন, মুক্তিযুদ্ধকালে এই সাক্ষী বিরোধীপক্ষে ছিলেন। জবাবে সাক্ষী বলেন, এটা সত্য নয়।এরপর জবানবন্দি দেন আসামিপক্ষের ১৫তম সাক্ষী পিরোজপুরের বাদুরিয়া গ্রামের আবদুস সালাম হাওলাদার (৬৫)। জবানবন্দিতে তিনি বলেন, একাত্তরের ৭ মে পাকিস্তানি সেনারা পিরোজপুরের পারেরহাটে যায়। সেখানে তারা পাঁচ-ছয়টি দোকান লুট করে ও আগুন দেয়। পাকিস্তানি সেনাদের সঙ্গে ছিলেন দানেশ মোল্লা, মোসলেম মাওলানা, শফিজউদ্দিন মৌলভি, আসমত আলী মুন্সি, মালেক শিকদার। পরদিন আবার পাকিস্তানি সেনারা পারেরহাট সেতুর কাছে নুরু খানের বাড়িতে আগুন দেয়। পরে তারা চিথোলিয়া গ্রামের আরেকটি বাড়িতে আগুন দেয়। সেখানেও পাকিস্তানি সেনাদের সঙ্গে দানেশ মোল্লাসহ অন্যরা ছিলেন। তিনি দাবি করেন, তাঁদের সঙ্গে কখনো তিনি সাঈদীকে দেখেননি।জবানবন্দি শেষে আবদুস সালামকে জেরা শুরু করেন সৈয়দ হায়দার আলী। কিন্তু মধ্যাহ্নবিরতির পর আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম বলেন, সাক্ষী আবদুস সালাম অসুস্থ হয়ে পড়েছেন। এরপর ট্রাইব্যুনালের নির্দেশে আসামিপক্ষের ১৩তম সাক্ষী মাসুদ সাঈদীকে জেরা করে রাষ্ট্রপক্ষ। গতকাল তাঁর জেরা অসমাপ্ত অবস্থায় ১৪তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল।সাঈদীর ছেলে মাসুদ সাঈদী এই মামলায় আসামিপক্ষের দাখিল করা বিভিন্ন নথি ট্রাইব্যুনালে প্রদর্শনী হিসেবে উপস্থাপন করেছেন। এসব নথি কীভাবে সংগ্রহ করা হয়েছে—এ বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি।এই মামলায় আসামিপক্ষের সাক্ষীদের সংখ্যা ২০ জনে নির্দিষ্ট করে দিয়েছেন ট্রাইব্যুনাল। সে হিসেবে আসামিপক্ষে আর মাত্র পাঁচজন সাক্ষ্য দিতে পারবেন।কাদের মোল্লার বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা চলছে: বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২-এ জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা অব্যাহত রয়েছে। গতকাল তদন্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক খানকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আবদুস সোবহান তরফদার। জেরা অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম আজ বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়।