সাঈদীর পক্ষে যুক্তি উপস্থাপন অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বুধবার আসামিপক্ষ চতুর্থ দিনের মতো যুক্তি উপস্থাপন করেছে।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল সাঈদীর পক্ষে যুক্তি উপস্থাপন করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। গতকাল তিনি সাঈদীর বিরুদ্ধে আনা ১৮ নম্বর অভিযোগে ভাগিরথী হত্যা নিয়ে যুক্তি উপস্থাপন করেন।এ সময় মিজানুল ইসলাম বলেন, ভাগীরথী হত্যায় সাঈদীর সংশ্লিষ্টতা নিয়ে রাষ্ট্রপক্ষ যেসব নথি দাখিল করেছে, সেগুলোর মধ্যে রয়েছে ১৯৭২ সালে আজাদ পত্রিকার একটি প্রতিবেদন, তদন্ত কর্মকর্তার নেওয়া ভাগিরথীর ছেলে গণেশ সাহার জবানবন্দি। এ ছাড়া রাষ্ট্রপক্ষের দ্বাদশ সাক্ষী স্থানীয় সাংসদ (পিরোজপুর-২) এ কে এম এ আউয়ালের (সাইদুর রহমান) সাক্ষ্যেও বিষয়টি এসেছে। অপর দিকে, আসামিপক্ষের সাক্ষী হিসেবে গণেশ সাহা ট্রাইব্যুনালে এসে সাক্ষ্য দেন। তিনি আরও বলেন, গণেশকে ট্রাইব্যুনালে হাজির করা সম্ভব নয় বলে তদন্ত কর্মকর্তাকে দেওয়া তাঁর জবানবন্দি সাক্ষ্য হিসেবে নেওয়া হয়েছিল। কিন্তু গণেশ আসামিপক্ষে ট্রাইব্যুনালে এসে সাক্ষ্য দেওয়ার পর তদন্ত কর্মকর্তাকে দেওয়া তাঁর জবানবন্দি আর গ্রহণযোগ্য হতে পারে না। এই মামলায় আসামিপক্ষ আজ বৃহস্পতিবার আবার যুক্তি উপস্থাপন করবে। এ নিয়ে আসামিপক্ষ চার দিনের চারটি অধিবেশনে যুক্তি উপস্থাপন করল।গোলাম আযমের পক্ষে নথি উপস্থাপন: একই ট্রাইব্যুনালে গতকাল জামায়াতের সাবেক আমির গোলাম আযমের পক্ষে তাঁর ছেলে আবদুল্লাহহিল আমান আযমী আসামিপক্ষের বিভিন্ন নথি প্রদর্শনী হিসেবে দাখিল করেন।