সাঈদীর পক্ষে সাক্ষী হাজির করতে আরেকটি সুযোগ পেল আসামিপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের সাক্ষীদের হাজির করতে আরেকটি সুযোগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।ট্রাইব্যুনাল আদেশে বলেন, আজ সোমবার আসামিপক্ষের পর্যাপ্তসংখ্যক সাক্ষী হাজির না থাকলে এবং এ জন্য মামলার কার্যক্রম মুলতবি করতে হলে আসামিপক্ষের সাক্ষ্য গ্রহণ বন্ধ করে দেওয়া হবে। তখন আইন অনুসারে মামলার পরবর্তী ধাপের কার্যক্রম শুরু করা হবে।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল রোববার এ আদেশ দেন। গতকাল কার্যক্রমের শুরুতে আসামির কাঠগড়ায় সাঈদীর উপস্থিতিতে জবানবন্দি দেন আসামিপক্ষের নবম সাক্ষী মো. হেমায়েতউদ্দিন। আসামিপক্ষের আইনজীবী মনজুর আহমেদ আনসারী তাঁর জবানবন্দি নেন। পরে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী সাক্ষীকে জেরা করেন। এরপর ট্রাইব্যুনাল আসামিপক্ষের পরবর্তী সাক্ষী হাজির করার নির্দেশ দিলে আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক বলেন, দশম সাক্ষী আবদুস সালাম অসুস্থ থাকায় তাঁকে আনা যায়নি। মধ্যাহ্ন বিরতির পর ট্রাইব্যুনাল আদেশ দেন। আদেশে আরও বলা হয়, ২ সেপ্টেম্বর আসামিপক্ষের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সেদিন আসামিপক্ষের প্রথম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আর কোনো সাক্ষী হাজির ছিলেন না। ৫ সেপ্টেম্বর দ্বিতীয় সাক্ষী জবানবন্দি দেন, পরদিন তাঁকে জেরা শেষ করা হয়। ৯ সেপ্টেম্বর সাক্ষী না আনায় কার্যক্রম মুলতবি করা হয়। পরদিন তৃতীয় সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হয়। ১১ সেপ্টেম্বর সাক্ষী অসুস্থ থাকায় তাঁকে আনতে না পারায় আসামিপক্ষ মুলতবি চায়। ১২ সেপ্টেম্বর চতুর্থ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হয়। পরদিন আবার সাক্ষী ছিলেন না। ১৬ সেপ্টেম্বর পঞ্চম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হয়, পরদিন সাক্ষী ছিলেন না। ১৮ সেপ্টেম্বর পঞ্চম সাক্ষীর অসমাপ্ত জেরা শেষ হয়, সেদিনও আর কোনো সাক্ষী ছিলেন না। পরদিন অসুস্থ থাকা তৃতীয় সাক্ষীর জেরা শেষেও আর কোনো সাক্ষী ছিলেন না। পরদিনও সাক্ষী অনুপস্থিত। ২৪ সেপ্টেম্বর ষষ্ঠ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হয়। ২ অক্টোবর সপ্তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হয়। ৪ অক্টোবর অষ্টম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামিপক্ষের আর কোনো সাক্ষী ছিলেন না। সেদিন ট্রাইব্যুনাল আদেশ দেন, ৭ অক্টোবর সাক্ষী আনা না হলে আসামিপক্ষের সাক্ষ্য গ্রহণ বন্ধ করে দেওয়া হবে। কিন্তু আজ (গতকাল রোববার) তাঁদের একজন সাক্ষী ছিলেন। আইন অনুসারে কোনো মুলতবি ছাড়াই বিচার কার্যক্রম চলার কথা। কিন্তু সাক্ষী না থাকায় বারবার কার্যক্রম মুলতবি করতে হয়েছে। আসামিপক্ষকে একজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে পরবর্তী সাক্ষী প্রস্তুত রাখতে বলা হলেও তাঁরা একদিনে একজনের বেশি সাক্ষী হাজির করছেন না।আদেশের পর আবদুর রাজ্জাক ট্রাইব্যুনালকে বলেন, সাঈদীর বিরুদ্ধে গত বছরের ৭ ডিসেম্বর রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শুরু হয়, শেষ হয় এ বছরের ১৩ আগস্ট। এই নয় মাসে রাষ্ট্রপক্ষ ২৮ জন সাক্ষীকে হাজির করেছে। তাঁরা ১৭ বার সাক্ষী হাজিরে ব্যর্থ হয়েছেন, এ জন্য কয়েকবার কার্যক্রম মুলতবি করতে হয়েছে। কিন্তু মাত্র এক মাস পাঁচ দিনের মাথায় আসামিপক্ষকে সাক্ষী হাজিরের জন্য কঠোর আদেশ দেওয়া হলো। এ সময় ট্রাইব্যুনাল বলেন, রাষ্ট্রপক্ষ চার মাসে ২৮ জন সাক্ষীকে হাজির করেছে। আসামিপক্ষ পর্যাপ্তসংখ্যক সাক্ষী আনলেই আর এ আদেশ থাকবে না।