সাঈদীর পক্ষে সাক্ষ্য দিলেন দ্বাদশ সাক্ষী হাফিজুল হক
জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বুধবার সাক্ষ্য দিয়েছেন আসামিপক্ষের দ্বাদশ সাক্ষী হাফিজুল হক। জবানবন্দিতে তিনি দাবি করেন, সাঈদী তাঁর প্রতিবেশী ছিলেন এবং একাত্তরে যশোরে থাকতেন।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ হাফিজুল হকের জবানবন্দি নেন আসামিপক্ষের আইনজীবী মনজুর আহমেদ আনসারী। আসামির কাঠগড়ায় সাঈদী হাজির ছিলেন।হাফিজুল হক (৫২) জবানবন্দিতে বলেন, তাঁর বাড়ি যশোরের কোতোয়ালি থানার খড়কী গ্রামে। তাঁর মুদিদোকান রয়েছে। ১৯৬৮ সালে তিনি সপরিবারে যশোর উপশহরের ‘এ’ ব্লকের ১৮৪ নম্বর বাসায় থাকতেন। ওই সময় সাঈদী ১৮২ নম্বর বাসায় ভাড়া থাকতেন এবং যশোরের বিভিন্ন এলাকায় ওয়াজ মাহফিল করতেন। একাত্তরে মুক্তিযুদ্ধ শুরু হলে ৪ এপ্রিল সাঈদীসহ তাঁরা কয়েকজন প্রতিবেশী এলাকা শেখহাটিতে চলে যান। সেখানে সাত-আট দিন থাকার পর আবার অন্যত্র চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। পরদিন সাঈদী বাঘারপাড়ার মহীরন গ্রামে পীরের বাড়ি যান, তাঁরা (সাক্ষীর পরিবার) যান ভারতের দিকে।জবানবন্দি শেষে হাফিজুলকে জেরা করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী। তিনি মত (সাজেশন) দেন, সাক্ষী জামায়াতের সমর্থক এবং আর্থিকভাবে লাভবান হয়ে এই মামলায় সাক্ষ্য দিচ্ছেন। হাফিজুল হক বলেন, এটা সত্য নয়। এরপর আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম এই মামলার কার্যক্রম এক সপ্তাহ মুলতবির আরজি জানান। পরে ট্রাইব্যুনাল আসামিপক্ষের পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য এক দিন সময় দিয়ে ১৪ অক্টোবর (রোববার) দিন ধার্য করেন।